ময়মনসিংহ মেডিক্যালে ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, ভর্তি ১২৭

ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় চিকিৎসাধীন অবস্থায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৯ জনের মৃত্যু হলো।

তিনজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডের ফোকাল পারসন সহযোগী অধ্যাপক ডা. এমদাদুল্লাহ খান জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে ময়মনসিংহের ফুলবাড়িয়া থেকে আসা ইদ্রিস আলীর স্ত্রী হারিছা বেগম (৬৫) গতকাল বৃহস্পতিবার (৮ অক্টোবর) ডেঙ্গু ওয়ার্ডে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তিনি মারা যান।

নান্দাইল থেকে আসা ফরিদ মিয়ার ছেলে মিনহাজ (১৮) গত বুধবার (৭ অক্টোবর) হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে তার মৃত্যু হয়।

এ ছাড়া টাঙ্গাইলের ধনবাড়ী থেকে আসা হযরত আলীর স্ত্রী মরিয়ম (৪৫) বৃহস্পতিবার ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় গত রাতে তার মৃত্যু হয়।

ডেঙ্গু ছাড়াও তিনজন নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন।

এদিকে, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৫১ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে ১২৭ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন।