স্বামীকে ছাড়ানোর আশ্বাসে নারীকে ধর্ষণচেষ্টার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে, ভিডিও ভাইরাল

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কারাগারে থাকা স্বামীকে ছাড়িয়ে আনার আশ্বাস দিয়ে এক নারীকে (৪৫) ধর্ষণচেষ্টার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবদলের এক নেতার বিরুদ্ধে। অভিযোগের পক্ষে ওই নারীর ধারণ করা একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

এ ঘটনায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে থানায় মামলা করেন ভুক্তভোগী নারী। তবে শুক্রবার দুপুর পর্যন্ত অভিযুক্তকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

ফুলবাড়িয়া থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, ভিডিওতে স্পষ্ট দেখা গেছে, নারীকে ধর্ষণের চেষ্টা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্ত ব্যক্তি পলাতক। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে।

অভিযুক্ত ব্যক্তির নাম হযরত আলী মণ্ডল (৩৮)। সে যুবদলের ফুলবাড়িয়া উপজেলার একটি ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক। স্থানীয় সূত্র জানায়, এই ব্যক্তি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার প্রচারও চালাচ্ছেন।

মামলার এজাহার অনুযায়ী, ওই নারীর স্বামী মারামারির একটি মামলায় গত ১৪ সেপ্টেম্বর গ্রেফতার হয়ে কারাবন্দি আছেন। স্বামীকে কারামুক্ত করার আশ্বাসে হযরত আলী ওই নারীর বাড়িতে যাতায়াত করতো। গত ২০ অক্টোবর বেলা ১১টার দিকে ওই নারীর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয়। এতে রাজি না হওয়ায় ওই নারীকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় নারীর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্ত ব্যক্তি পালিয়ে যায়।

ভুক্তভোগী নারীর অভিযোগ, স্বামীকে কারাগার থেকে ছাড়িয়ে আনার কথা বলে হযরত আলী নিয়মিত বাড়িতে আসতো। ঘটনার দিনও কয়েকবার আসে। স্বামীকে ছাড়িয়ে দেওয়ার কথা বলে তাকে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টাও করেছিল। রাজি না হওয়ায় ঘরে ঢুকে তাকে জাপটে ধরে বিছানায় ফেলে দেয়।

নিজের নিরাপত্তার কথা ভেবে তিনি আগে থেকেই মোবাইল ফোনে ভিডিও ধারণ চালু রেখেছিলেন। তার আশঙ্কা ছিল, কোনও দুর্ঘটনা ঘটলে ভিডিওটি প্রমাণ হিসেবে কাজে লাগবে। পরে ভিডিওটি ফেসবুকে ছড়িয়ে পড়ে।

স্বামীকে একটি মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে দাবি করেন ওই নারী। তিনি বলেন, স্বামীকে ছাড়িয়ে আনতে তিনি বিভিন্ন জায়গায় ঘুরেছেন। পরে আইনজীবীর মাধ্যমে গত সোমবার তার স্বামীর জামিন হয়। অভিযুক্ত হযরত আলীর সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন তিনি। হযরত আলী হুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেন ওই নারী।

ঘটনার পর থেকে অভিযুক্ত যুবদল নেতা হযরত আলী আত্মগোপনে আছে। তার মোবাইল ফোন সংযোগও বন্ধ। এ কারণে তার বক্তব্য জানা সম্ভব হয়নি।

ফেসবুকে হযরত আলীর একটি ভিডিও দেখেছেন ফুলবাড়িয়া উপজেলা যুবদলের সভাপতি কামরুজ্জামান মীর আজাদ। এ বিষয়ে তিনি বলেন, বিষয়টি নিয়ে জেলা ও কেন্দ্রীয় নেতাদের সঙ্গে আলোচনা করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।