মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক

ময়মনসিংহের ত্রিশালে মশাল মিছিলের প্রস্তুতির সময় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতাকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ৬৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) রাতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ত্রিশালের কাজীর শিমলা এলাকায় নির্মাণ ব্রিকসের পাশে রাহমাতুল্লাহ লিটনের ফিশারির সামনে থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন ত্রিশালের কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হোসেন, সভাপতি নজরুল ইসলাম, বয়লর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি আসাদুল ইসলাম এবং কাঁঠাল ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য মাসুম।

পুলিশ জানায়, বাঁশের মশাল নিয়ে রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের উদ্দেশ্যে মিছিল করার প্রস্তুতি নিচ্ছিলেন তারা। এ সময় অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৬৪টি বাঁশের মশাল উদ্ধার করা হয়েছে।

ত্রিশাল থানার ওসি মনসুরুল ইসলাম চারজনকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, রাষ্ট্রবিরোধী ও নাশকতামূলক কর্মকাণ্ডের চেষ্টার অভিযোগে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।