উল্লাপাড়ায় বিএনপি প্রার্থীর মনোনয়ন পত্র ছিনতাই

ইউপি নির্বাচন ২০১৬

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা পরিষদ চত্ত্বর থেকে  বিএনপির চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন পত্র ছিনতাই করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। রবিবার দুপুরে তিনি রিটার্নিং অফিসারের অফিস থেকে মনোনয়ন পত্র তুলে বাইরে আসার পর এই ঘটনা ঘটে। বুলবুল কবির পূর্ণিমাগাঁতী ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি চেয়ারম্যান প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন।

বুলবুল কবির স্থানীয় সাংবাদিকদের কাছে অভিযোগ করে বলেন, বিএনপি নেতা আজাদ হোসেনের লোকজন তার কাছ থেকে মনোনয়ন পত্র ছিনিয়ে নিয়ে তাকে লাঞ্ছিত করেন।

এ ব্যাপারে উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সচিব আজাদ হোসেনের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দ্বীপ কুমার সরকারের সঙ্গে যোগাযোগ করলে তিনি জানান, ছিনতাই হওয়া মনোনয়ন পত্র উদ্ধারের জন্য উল্লাপাড়া থানা পুলিশকে বলা হয়েছে। এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আগামী ১০ মে উল্লাপাড়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদ নির্বাচনের মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন। ৪ জুন ষষ্ঠ ধাপে এই উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

/জেবি/