এবার দেশ সেরা রাজশাহী শিক্ষা বোর্ড

রাজশাহী শিক্ষা বোর্ডএসএসসি পরীক্ষায় এবার রাজশাহী শিক্ষা বোর্ড দেশ সেরা হয়েছে। এছাড়া এই বোর্ডে এবার পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তের সংখ্যাও বেড়েছে। এ বছর রাজশাহী বোর্ডের পাসের হার ৯৫ দশমিক ৭০ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১৭ হাজার ৫৯৪ পরীক্ষার্থী। গত বছর এই সংখ্যা ছিল ১৫ হাজার ৮৭৩ জন। তবে দুটি স্কুলে কেউ পাস করেনি।
বুধবার দুপুরে রাজশাহী শিক্ষা বোর্ডের সভা কক্ষে সংবাদ সম্মেলনে পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর সামসুল কালাম আজাদ জানান, এবার রাজশাহী বোর্ডে মোট দুই হাজার ৬১৩টি স্কুলে এক লাখ ৫২ হাজার ৭৮৩ জন শিক্ষার্থীর মধ্যে এ লাখ ৫২ হাজার ৫৬ জন এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করেছে এক লাখ ৪৫ হাজার ৫১৮ জন। ২০১৫ সালে পাসের হার ছিল ৯৪ দশমিক ৯৭ শতাংশ। ২০১৪ সালে পাসের হার ছিল ৯৬ দশমিক ৩৪ শতাংশ। তবে রাজশাহী শিক্ষা বোর্ড ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ ফলাফল।
এবারও পাসের হারে ছেলেদের চেয়ে মেয়েরা এগিয়ে রয়েছে। এবার মেয়েদের পাসের হার ৯৫ দশমিক ৮৭ শতাংশ এবং ছেলেদের পাসে হার ৯৫ দশমিক ৫৫ শতাংশ। তবে জিপিএ-৫ প্রাপ্তির সংখ্যার দিক থেকে এবারও এগিয়ে রয়েছে ছেলেরা। এবার ৯ হাজার ৪০৫ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছে এবং ছাত্রী পেয়েছে ৮ হাজার ১৮৯ জন। গত বছর জিপিএ-৫ প্রাপ্ত ছাত্র সংখ্যা ছিল ৮ হাজার ৬১২ জন এবং ছাত্রী ৭ হাজার ২৬১ জন। এবছর বহিষ্কার হয়েছিলেন ৩৩ জন শিক্ষার্থী।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, দৃষ্টি প্রতিবন্ধী হয়েও ২০১৬ সালের এসএসসি পরীক্ষায় সাফল্য পেয়েছেন ১৪ জন শিক্ষার্থী। এদের মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী চারজন জিপিএ-৫ পেয়েছেন, সিরাজগঞ্জের মাসুদ করিম, পাবনার মনিবরুল ইসলাম, আবদুল্লাহ আল আমিন, মোহাম্মদ আলী। দৃষ্টি প্রতিবন্ধীদের মধ্যে ১০ জন বিভিন্ন গ্রেডে পাস করেছেন। তারা হলেন, পাবনার হাবিসুল ইসলাম, হুমায়ন কবির, গোলাপ মল্লিক, ইখতিয়ার মৃধা, বগুড়ার নাইমা আক্তার, সলঙ্গার জান্নাতুল ফেরদৌস, পুঠিয়ার মনিরুজ্জামান, নওগাঁর পোরশার অমৃত চন্দ্র বর্মণ, জয়পুরহাটের বিলকিস খাতুন ও লিপসি খাতুন। এছাড়াও দুজন শারীরিক প্রতিবন্ধী এবার পাস করেছেন। এরা হলেন, রাজশাহীর ইজাজ আহমেদ ও বগুড়ার আকিব আল জামী।

এদিকে, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে সিরাজগঞ্জ জেলার দুটি বিদ্যালয়ের কোনও শিক্ষার্থী পাস করেনি।

পাস শূন্য দুই স্কুলের মধ্যে একটি হচ্ছে সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানার দাসুরিয়া উচ্চ বিদ্যালয়। এই বিদ্যালয় থেকে একজন পরীক্ষার্থী অংশ নেন। আরেকটি হচ্ছে বেলকুচি থানার ইংরেজি ভার্সনের খাজা ইউনুস আলী ল্যাবরেটরি উচ্চ বিদ্যালয়। এ প্রতিষ্ঠান থেকে দু’জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন।

এ ব্যাপারে দুপুরে রাজশাহী শিক্ষাবোর্ডে আয়োজিত সংবাদ সম্মেলনে বোর্ডের সচিব আনারুল হক প্রামাণিক বলেন, প্রতিষ্ঠান দুইটির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রাজশাহী মহানগরীর জামায়াতের আমিরসহ গ্রেফতার ৫৮ 

/বিটি/টিএন/আপ-এআর/