নওগাঁয় বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে বাংলা ট্রিবিউন-এর দ্বিতীয় বর্ষপূর্তি পালিত হয়েছে। আজ শুক্রবার বেলা ১১টায় কর্মসূচির শুরুতেই অনুষ্ঠিত হয় আলোচনা সভা। নওগাঁ জেলা প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা তথ্য কর্মকর্তা তৌফিকুল ইসলাম।
এ সময় প্রেসক্লাবের সভাপতি শহজাহান আলীর সভাপতিত্বে নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাকিরুল ইসলাম, স্থানীয় সামাজিক সংগঠন একুশে পরিষদের সভাপতি অ্যাডভোকেট আব্দুল বারী, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ গোলাম মর্তুজা, চ্যানেল আই-এর নওগাঁ প্রতিনিধি কায়েস উদ্দিন, যমুনা টিভির প্রতিনিধি শফিক ছোটন ও বাংলা ট্রিবিউন-এর নওগাঁ প্রতিনিধি খন্দকার রউফ পাভেল বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সিনিয়র সাংবাদিক এবিএম রফিকুল ইসলাম, চ্যানেল ২৪ এর প্রতিনিধি হারুন-অর-রশিদ চৌধুরী, বাংলাদেশ প্রতিদিন ও জিটিভির প্রতিনিধি বাবুল আখতার রানা, দৈনিক প্রথম আলোর প্রতিনিধি ওমর ফারুকসহ নওগাঁয় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সংবাদকর্মী ও গণ্যমান্য ব্যক্তি উপস্থিত ছিলেন।
বক্তারা দেশের এই অন্যতম নিউজ পোর্টালটির উত্তরোত্তর উন্নতি কামনা করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহবান জানান। আলোচনা শেষে জন্মবার্ষিকীর কেক কাটেন আমন্ত্রিত অতিথিরা। সবশেষে একটি র্যালি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
/টিএন/