অধ্যাপক রেজাউল করিম হত্যাকাণ্ড

দ্রুত বিচার হবে, দ্বিধার কিছু নেই: স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচার করা হবে এবং এ সরকারের আমলেই তা সম্ভব বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। রবিবার দুপুরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে আয়োজিত সংহতি ও মতবিনিময় সভায় তিনি একথা জানান। অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যাকাণ্ডের প্রতিবাদে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এ সভার আয়োজন করে।

স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

নাসিম বলেন, রেজাউল করিম হত্যাকাণ্ডের দ্রুত বিচার করা হবে এতে দ্বিধার কিছু নেই। তবে আমাদের প্রশাসনের কিছু দুর্বলতা আছে এবং কিছু জায়গায় মাঠ পর্যায়েও দুর্বলতা রয়েছে, তা না হলে এ ধরনের ঘটনাগুলো ঘটত না। এটা আমাদের ব্যর্থতা আমি অস্বীকার করবো না।

রাজশাহী পুলিশ প্রশাসনের সমন্বয়হীনতার কথা উল্লেখ করে ১৪ দলের এই মুখপাত্র বলেন, আমি প্রশাসনকে বলব আপনারা কেন ভয় করবেন, আপনারা সরকারের চাকরি করেন, জনগণ আপনাকে টাকা দেয়। তাই সাহস করে দায়িত্ব পালন করে হত্যাকাণ্ড প্রতিরোধ করুন।

রাজশাহীর ছাত্র সংগঠনগুলো দুর্বল মন্তব্য করে স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, এই প্রতিবাদ কর্মসূচিগুলোর সঙ্গে আমাদের রাজনৈতিক সংগঠনগুলোর দূরত্ব তৈরি হয়েছে। কেন হয়েছে, জানি না। তবে প্রশাসনের চেয়ে বড় শক্তি হলো জনগণের শক্তি। যেকোনও বিপদে জনগণ যদি এগিয়ে আসে তাহলে প্রশাসন অনেক কিছু করতে বাধ্য হয়।

সংহতি সভায় অধ্যাপক রেজাউল করিমের মেয়ে রিজওয়ানা হাসিন শতভি বলেন, প্রশাসন বারবার বলে, আমরা খুব কাছে চলে এসেছি, সময় হলে প্রকাশ করা হবে। কিন্তু কখন সময় হবে তা জানি না, সময়ের অপেক্ষায় আছি। তবে সেটা যেন দ্রুত হয়, কেননা অতীতে দেখেছি, বিচারপ্রার্থীরা বিচার চাইতে চাইতে মারা যায় তাও বিচার হয়না।

রাজশাহী বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আজমের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন, উপ-উপাচার্য অধ্যাপক চৌধুরী সরওয়ার জাহান, সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া, গণতন্ত্রী পার্টির সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের আহ্বায়ক রেজাউর রশীদ খান প্রমুখ।

পরে স্বাস্থ্যমন্ত্রীসহ ১৪ দলের নেতারা অধ্যাপক রেজাউল করিমের বাসভবনে স্বজনদের সঙ্গে দেখা করে সমবেদনা জানান ও দ্রুত বিচারের আশ্বাস প্রদান করেন।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে একজোট হচ্ছে পাকিস্তানের রাজনৈতিক দলগুলো!
/এমও/