নাটোরে ধসে পড়েছে নির্মাণাধীন ব্রিজ, ঠিকাদার-প্রকৌশলী পলাতক

নাটোর সদর উপজেলার জোলারকান্দি এলাকায় নির্মাণাধীন একটি ফুট ব্রিজ ভেঙে পড়েছে। এসময় নির্মাণকাজে নিয়োজিত তিন শ্রমিক আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। এদিকে ঘটনার পর থেকে  ঠিকাদার ও প্রকৌশলী পলাতক রয়েছেন। বুধবার দুপুরে এ ঘটনা ঘটে।Natore-bridge-collapse2

এলাকাবাসীর ক্ষোভের মুখে উপজেলা প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করে প্রকল্পটি নতুন করে করার আশ্বাস দিয়েছেন।

এলাকাবাসী জানায়, জোলারকান্দি খালের ওপর ৩৬ ফুট দীর্ঘ একটি ফুট ব্রিজের নির্মাণ কাজ চলছিল। বুধবার দুপুরে ব্রিজটির প্রধান অংশ ছাঁদ ঢালাই দেওয়ার আগ মূহুর্তে মাঝখানের অংশ ধসে পড়ে।

এ ব্যাপারে উপজেলা প্রকল্প কর্মকর্তা আয়েশা সিদ্দিকা জানান, ২৬ লাখ টাকা ব্যয়ে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স সাইফুল এন্টারপ্রাইজের মালিক সাইফুল ইসলাম ব্রিজটি নির্মাণ করছিলেন। নির্মাণ ত্রুটির কারণে ব্রিজটি ধসে পড়েছে। যে প্রকৌশলীকে দেখাশোনার দায়িত্ব দেওয়া হয়েছিল তিনি তা করতে ব্যর্থ হয়েছেন অথবা কোনও সুবিধা নিয়ে দায়িত্ব পালনে অবহেলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এদিকে এ ঘটনার পর থেকে ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক সাইফুল ইসলাম ও ব্রিজটি দেখভালের দায়িত্বে থাকা সহকারী প্রকৌশলী আবু সাঈদ পলাতক রয়েছেন।

ঘটনাস্থল পরিদর্শন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.নায়িরুজ্জামান খান জানান,  ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। ব্রিজটির নির্মাণ কাজ বাতিল করে পুনরায় দরপত্র আহ্বান করা হবে।

 

আরও পড়ুন: নারী বলে বিচার থেকে রেহাই পাবেন না খালেদা জিয়া : তথ্যমন্ত্রী

/এআর/