তবে থানার ইন্সপেক্টর (তদন্ত) পঞ্চনন্দ সরকার ঘুষ নিয়ে মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।
জানা গেছে, সরকারের রাজস্ব আয় বৃদ্ধির উদ্দেশ্যে গত ১৫ মে থেকে সারাদেশে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক অভিযানে নামে পুলিশ। দেশের অন্য স্থানের মতো ধুনট থানার ইন্সপেক্টর (তদন্ত) পঞ্চনন্দ সরকারের নেতৃত্বে এসআই রফিকুল ইসলাম গত ১৫ মে থেকে ১৯ মে পর্যন্ত উপজেলার বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে শতাধিক রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করেন। তবে মামলা হয় মাত্র ৩৬টির বিরুদ্ধে।
অভিযোগ রয়েছে, মোটরসাইকেল আটক করার পর টাকার বিনিময়ে ঘটনাস্থল ও রাতের আঁধারে থানা থেকেই ছেড়ে দেওয়া হয়। আর টাকা না পেলে ওইসব মোটরসাইকেলের বিরুদ্ধে মামলা দিয়ে থানায় রাখা হচ্ছে।
কামরুল ইসলাম নামে এক ভুক্তভোগী অভিযোগ করেন, গত ১৬ মে ধুনট সোনামুখী রোডে এসআই রফিকুল তার রেজিস্ট্রেশনবিহীন টিভিএস মোটরসাইকেল আটক করেন। এসময় তার কাছে এসআই রফিকুল ৫ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না দেওয়ায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।
নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন ভুক্তভোগী অভিযোগ করেন, ইন্সপেক্টর (তদন্ত) পঞ্চনন্দ সরকার ও এসআই রফিকুল ইসলাম সরকারি রাজস্ব বৃদ্ধির স্বার্থে রেজিস্ট্রেশনবিহীন মোটরসাইকেল আটক করলেও ঘুষ নিয়ে নিজেদের পকেট ভারি করে এসব যানবাহন ছেড়ে দিচ্ছেন।
ইন্সপেক্টর (তদন্ত) পঞ্চনন্দ সরকার ঘুষ নিয়ে মোটরসাইকেল ছেড়ে দেওয়ার অভিযোগটি অস্বীকার করেন। তিনি বলেন, যে কয়টা আটক করা হয়েছে; সেগুলোর বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে।
আরও পড়ুন: পুলিশ হেফাজতে যুবকের মৃত্যু : টাকা না দেওয়ায় পিটিয়ে হত্যার অভিযোগ
/এআর/টিএন/