চাঁপাইনবাবগঞ্জে কনিকা হত্যার বিচার দাবিতে মানববন্ধন

কনিকা রাণীর হত্যার বিচার দাবিতে মানববন্ধনচাঁপাইনবাবগঞ্জের মহিপুরে বখাটেদের হামলায় দশম শ্রেণির ছাত্রী কনিকা রাণীর হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টা থেকে বেলা সাড়ে ১১টা পর্যন্ত মহিপুর বাজারে এই কর্মসূচি পালিত হয়। ঘণ্টাব্যাপী চলা কর্মসূচিতে ওই এলাকার ১৬টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়া অংশ নিয়েছেন শিক্ষকসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ।

মানববন্ধনের সময় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন স্থানীয় ইউপি চেয়ারম্যান আরাফুল ইসলাম আজিজি, নব-নির্বাচিত চেয়ারম্যান আসজাদুর রহমান মান্নু ও বিদ্যালয়ের শিক্ষক শফিকুল ইসলামসহ অন্যরা।

বক্তারা বলেন, অপ্রতিরোধ্য মাদকের প্রভাবেই এ ঘটনা ঘটেছে। এলাকাকে মাদকমুক্ত করে শিক্ষার্থীসহ সবাইকে নিরাপদ জীবন-যাপনের সুযোগ করে দিতে হবে। তারা হামলাকারী আব্দুল মালেকের দ্রুত বিচার ও ফাঁসির দাবি জানান। মানববন্ধনে এলাকার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলারও আহ্বান জানানো হয়।

সমাবেশে স্থানীয় এক মাদক ব্যবসায়ী মাদক ব্যবসা ছেড়ে দিয়ে উপস্থিত জনতার সামনে কান ধরে ক্ষমা চান এবং মাদকের সঙ্গে জড়িতদের তালিকা তৈরিতে সহায়তার ঘোষণা দেন।

এদিকে, এই ঘটনায় হামলাকারী আবদুল মালেকের বিরুদ্ধে শুক্রবার রাতেই হত্যা মামলা দায়ের করেছেন নিহত কনিকা রাণীর মা অঞ্জলী রাণী ঘোষ।

অন্যদিকে, দুপুরে আব্দুল মালেক কনিকাকে হত্যার দায় স্বীকার করে চাঁপাইনবাবগঞ্জ চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের ‘ক’ অঞ্চলের বিচারক জুয়েল অধিকারীর সামনে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন।

উল্লেখ্য, শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার মহিপুরে দশম শ্রেণির ছাত্রী কণিকা ঘোষকে কুপিয়ে হত্যা ও তার তিন সহপাঠীকে গুরুতর আহত করে ওই বখাটে।

আরও পড়ুন:

/জেবি/এএ/