অধ্যাপক রেজাউল হত্যার বিচার দাবি

ছুটির পর রাবিতে আবারও মিছিল সমাবেশ

শোক মিছিল অধ্যাপক রেজাউল

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকী হত্যার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে শোক মিছিল ও সমাবেশ করেছে বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। গ্রীষ্মকালীন ছুটির পর এটাই তাদের প্রথম কর্মসূচি।

এর আগে ১৫ মে ইংরেজি বিভাগ ও ১৭ মে মন্ত্রীদের আশ্বাসে চলমান আন্দোলন স্থগিত করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ কলাভবনের সামনে থেকে একটি মিছিল বের করে ইংরেজি বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ করে ‘মুকুল প্রতিবাদ ও সংহতি মঞ্চে’ গিয়ে শেষ হয়। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করে।

ইংরেজি বিভাগের সভাপতি এ এফ এম মাসউদ আখতার বাংলা ট্রিবিউনকে বলেন, ‘মামলার কিছুটা অগ্রগতি হয়েছে বলে আমরা মনে করছি। তাই আমরা আমাদের আন্দোলন শুধুমাত্র শনিবার পালন করবো। অধ্যাপক রেজাউল শনিবার দিন হত্যার শিকার হয়েছিলেন, তাই আমরা এই দিনটি বেছে নিয়েছি। এছাড়া ৬ জুন বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির মানববন্ধনে অংশগ্রহণ করবো।’

এদিকে ৬ জুন অধ্যাপক রেজাউল হত্যার বিচার দবিতে মানববন্ধনের আয়োজন করেছে শিক্ষক সমিতি। সমিতির সভাপতি অধ্যাপক শহীদুল্লাহ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘৬ জুন সকাল সাড়ে ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে আমরা মানববন্ধন কর্মসূচি পালন করবো।’

গত ২৩ এপ্রিল রাজশাহীর শালবাগান এলাকায় নিজ বাসা থেকে একটু দূরে দুর্বৃত্তদের হাতে খুন হন অধ্যাপক রেজাউল করিম। হত্যায় জেএমবি সংশ্লিষ্টতা আছে বলে দাবি করছেন রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শামসুদ্দিন।

/জেবি/টিএন/

আরও পড়তে পারেন : হিলিতে ছোটভাইয়ের বঁটির আঘাতে বড়ভাই নিহত