বগুড়ায় বাসের ধাক্কায় তিন ভ্যানযাত্রী নিহত

বগুড়াবগুড়ার শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট এলাকায় উত্তরবঙ্গ মহাসড়কে শনিবার বিকালে বাসের ধাক্কায় তিন ভ্যান যাত্রী নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের সদস্যরা লাশগুলো উদ্ধার করেছেন।

নিহতরা হলেন বগুড়ার শিবগঞ্জের মোকামতলার বাদিয়াচড়া গ্রামের নাইমুদ্দিনের ছেলে নিলু (২৪), একই এলাকার চাঁনমিয়ার ছেলে আইয়ুব আলী (২৬) ও আবদুর রহিম (২৪)।

হাইওয়ে পুলিশ বগুড়া অঞ্চলের গোবিন্দগঞ্জ থানার ইন্সপেক্টর মাসুদ রানা ও প্রত্যক্ষদর্শীরা জানান, নিহতরা একটি ভ্যানে মোকামতলা বন্দর থেকে বাড়িতে ফিরছিলেন। বিকাল সাড়ে ৫টার দিকে ভ্যানটি শিবগঞ্জের মোকামতলার চৌকিরঘাট এলাকায় মহাসড়কে পৌঁছে। এ সময় বগুড়াগামী বিথি পরিবহনের বাস একটি ট্রাককে অতিক্রম করতে গিয়ে ভ্যানটিতে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভানে থাকা নিলু, আইয়ুব ও আবদুর রহিম মারা যান। চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান।

আরও পড়ুন:
গফরগাঁওয়ে বিজিবি’র ধাওয়া খেয়ে একজন নিহত

/বিটি/