জয়পুরহাটে সুমন হত্যা মামলায় একজনের ফাঁসি, তিনজনের যাবজ্জীবন

জয়পুরহাটজয়পুরহাটে জিয়াউল হাসান সুমন হত্যা মামলায় চার আসামির মধ্যে একজনকে ফাঁসি ও তিনজনকে যাবজ্জীবন সাজা দিয়েছেন আদালত। সোমবার বিকেলে জয়পুরহাটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক আব্দুল মজিদ এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে জানা গেছে, জয়পুরহাট পৌর এলাকার পাটারপাড়া মহল্লার জিয়াউল হাসান সুমন হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক প্রধান আসামি একই মহল্লার আনোয়ার হোসেনকে ফাঁসির আদেশ দিয়েছেন। হত্যাকাণ্ডে আনোয়ারকে সহযোগিতার জন্য তার সহোদর ভাই আসামি মনোয়ার হোসেন এবং প্রতিবেশী স্বপন ও মিঠুকে যাবজ্জীবন সাজার আদেশ দিয়েছেন। আদালত উভয় পক্ষের আইনজীবীদের রায় পড়ে শোনানোর পর বিকেল পৌনে পাঁচটার দিকে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্রে আরও জানা গেছে, জয়পুরহাট পৌর সদরের পাটারপাড়া মহল্লার তছলিম উদ্দিন পাটোয়ারীর ছেলে জিয়াউল হাসান ওরফে সুমন গত ২০১৩ সালের ২৩ জুন হাসপাতাল মোড়ে দিনের বেলায় খুন হন। একই মহল্লার দুই ভাই আনোয়ার ও মনোয়ার এবং তাদের দুই সহযোগী স্বপন ও মিঠু হাসপাতাল মোড়ে তাকে খুন করে। এ ঘটনায় নিহত সুমনের স্ত্রী মেরিনা আক্তার বাদী হয়ে সাজাপ্রাপ্ত ওই চারজনকে আসামি করে জয়পুরহাট সদর থানায় মামলা দায়ের করলে পুলিশ তাদের গ্রেফতার করে। দীর্ঘ তিন বছর শুনানির পর সোমবার আদালত এ রায় ঘোষণা করে।

রায়ের প্রতিক্রিয়ায় আদালতে আসা সুমনের স্ত্রী মেরিনা আক্তার বলেন, প্রকাশ্য দিনের বেলায় তাঁর স্বামীকে আসামিরা সম্মিলিতভাবে হত্যা করেছে। আদালতের রায়ে সেটা প্রমাণ হয়েছে। তিনি রায়ে সন্তোষ প্রকাশ করে অবিলম্বে তা কার্যকরের দাবি জানান।

আরও পড়ুন: ধানের শীষে ভোট দেওয়ায় গৃহবধূকে গণধর্ষণ! 

/টিএন/ আপ-এআর/