বগুড়ায় পোলিং অফিসারের ওপর হামলার ঘটনায় আটজনের বিরুদ্ধে মামলা

বগুড়াবগুড়ার সোনাতলা উপজেলার বালুয়া ইউনিয়ন নির্বাচনে পোলিং অফিসার স্বাস্থ্যকর্মী আল মামুনের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় মামলা হয়েছে। মারধরের শিকার আল মামুন নিজেই সোমবার দুপুরে সোনাতলা থানায় ৮ জনের বিরুদ্ধে এ মামলা দায়ের করেন। গত ৪ জুন নির্বাচনি দায়িত্ব পালন শেষে ফেরার সময়িএ ঘটনা ঘটে।
মামলা সূত্রে জানা গেছে, মধ্য দীঘলকান্দি কমিউনিটি ক্লিনিকের স্বাস্থ্যকর্মী আল মামুনের কাছে উপজেলার ভেলুরপাড়া ও জোড়গাছা এলাকার কিছু চিহ্নিত সন্ত্রাসী ২৫ হাজার টাকা দাবি করে আসছিল। তিনি গত শনিবার উপজেলার বালুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে ধর্মকুল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে পোলিং অফিসারের দায়িত্ব পালন করেন। বিকাল ৬টার দিকে তিনি বাড়ি ফেরার জন্য কেন্দ্র থেকে বের হন। কিছুদূর যাওয়ার পর ৮-৯ জনের একদল সন্ত্রাসী মামুনের পথরোধ করে। তাকে বেদম মারপিটের পর পকেটে থাকা নির্বাচনের দায়িত্ব পালনের পারিশ্রমিক দেড় হাজার টাকাসহ প্রায় ৬ হাজার টাকা ছিনিয়ে নেয়। তার চিৎকারে পথচারীরা এগিয়ে এলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহত মামুনকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সোমবার দুপুরে তিনি থানায় চারজনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪ জনের বিরুদ্ধে মামলা করেন।

সোনাতলা থানার ওসি আবদুল মোতালেব জানান, মামলা রেকর্ড হয়েছে। আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

 আরও পড়ুন: চুয়াডাঙ্গায় আ. লীগ নেতাকে কুপিয়ে ও গুলি করে হত্যা

/টিএন/আপ-এআর/