নাটোরে তিন জামায়াত সমর্থকসহ গ্রেফতার ৫০, ২৩টি মোটরসাইকেল জব্দ

বিশেষ অভিযানজেলা আইন প্রয়োগকারী সংস্থার বিশেষ অভিযানে তিন জামায়াত সমর্থকসহ  ৫০ জনকে গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব। শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত এই অভিযান চলে। গ্রেফতারকৃত তিন জামায়াতকর্মী তরিকুল, শফিকুল ও শিহাবকে লালপুর উপজেলা এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। এ নিয়ে গত তিন দিনে জেলায় মোট ৮১ জনকে গ্রেফতার এবং ৬২টি মোটরসাইকেল জব্দ করে আইন প্রয়োগকারী সংস্থা।
নাটোর সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রফিকুল ইসলাম জানান, র‌্যাব ও পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে শনিবার রাত থেকে রবিবার বিকেল পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় নিয়মিত মামলা ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তিন জামায়াত সমর্থকসহ ৫০ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়াও সরকারি নিষেধাজ্ঞা অমান্য এবং প্রয়োজনীয় কাগজপত্র না নিয়ে সড়কে মোটরসাইকেল চলাচলকারীদের তল্লাশিকালে মোট ২৩ টি মোটরসাইকেল জব্দ করা  হয়েছে।

এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, শুক্রবার ১৫ জনকে গ্রেফতার ও ৩৯টি মোটর সাইকেল জব্দ এবং শনিবার আরও ১৬ জনকে গ্রেফতার করা হয়েছিল। আইন প্রয়োগকারী সংস্থার এই অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নেত্রকোনায় খাবারে ভেজাল দেওয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা 

/টিএন/আপ-এআর/