ইউপি নির্বাচনে বিরোধিতার জেরে বগুড়ায় যুবককে কুপিয়ে হত্যা, গ্রেফতার ৫

ব্গুড়াবগুড়ার ধুনটে সর্বশেষ ইউনিয়ন পরিষদ নির্বাচনে সমর্থন নিয়ে বিরোধের জের ধরে সজল সাকিদার (২০) নামে এক ভ্যান চালককে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে উপজেলার কালেরপাড়া ইউনিয়নের সরুগ্রামে এ হত্যার ঘটনায় পুলিশ পাঁচ ব্যক্তিকে গ্রেফতার করেছে। ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেফতাররা হলেন ধুনট উপজেলার সরুগ্রামের বিপ্লব(২২), সাজু মিয়া(১৯), লিটন মিয়া (৩৫), রিপন মিয়া (৩৫) ও শাহিন (২৪)।
পুলিশ ও স্থানীয়রা জানান, গত ২৩ এপ্রিল তৃতীয় ধাপে ধুনট উপজেলার কালেরপাড়া ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ৫ নম্বর ওয়ার্ডে সদস্য পদে জামাল উদ্দিন ও আবদুল হান্নান প্রতিদ্বন্দ্বিতা করেন। জয়লাভ করেন, আবদুল হান্নান। সরু গ্রামের সাইফুল সাকিদারের ছেলে ভ্যানচালক সজল তার আত্মীয় জামাল উদ্দিনকে সমর্থন করেন। সজল নির্বাচনের পর হান্নানের সমর্থক একই গ্রামের আশরাফ আলীর ছেলে নাহিদকে মারপিট করেছিলেন। মুরুব্বিরা মিমাংসা করে দিলেও নাহিদ তাকে হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে সজল একই গ্রামে বিয়ের দাওয়াত খেয়ে বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে নির্বাচিত সদস্য হান্নানের বাড়ির কাছে পৌঁছুলে নাহিদ ও তার লোকজন পথরোধ এবং ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও পিটিয়ে তাকে হত্যা করে। বৃহস্পতিবার সকালে পুলিশ লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

নিহতের ভাই শাকিল সাকিদার ১৬ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৪-৫ জনের বিরুদ্ধে মামলা করেছেন।

পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এজাহারভুক্ত উল্লিখিত ৫ জনকে গ্রেফতার করে। এ সময় একটি রক্তমাখা ছুরি উদ্ধার করা হয়েছে।

ধুনট থানার ওসি (তদন্ত) পঞ্চনন্দ সরকার জানান, নির্বাচনে সমর্থন দেওয়া ও একজনকে মারপিট করা নিয়ে বিরোধের জের ধরে এ হত্যাকান্ড ঘটে। অপর আসামীদের গ্রেফতারে অভিযান চলছে।

/এইচকে/

আরও পড়ুন: প্রচলিত আইনেই গুপ্ত হত্যাকারীদের বিচার হবে: আইনমন্ত্রী