মামলার অভিযোগে জানা গেছে, মান্দা উপজেলার চকবালু গ্রামের বাসিন্দা আশরাফুল ইসলামের মেয়ে শাহিনা বিবি ও তার চার বছরের ছেলে আবদুল্লাহকে নিয়ে গত ১৮মে সকালে নতুন বাড়ির জন্য নির্মাণ সামগ্রী কিনতে নওগাঁ শহরে যাচ্ছিল। এ সময় শাহিনার কাছে নগদ আড়াই লাখ টাকা ও আড়াই লাখ টাকা মূল্যের ৪ ভরি দশ আনা স্বর্ণালঙ্কার ছিল। পথে পাজরভাঙ্গা হাট এলাকার পাকা রাস্তার ওপর থেকে পাশের চকসিদ্ধেশ্বরী গ্রামের সেকেন্দার আলীর ছেলে উজ্জ্বল হোসেন (৩২), তার বাবা সেকেন্দার আলী (৫২) ও আব্দুল গফুরের ছেলে আয়নাল হকসহ (৩৬) আরও ৩/৪জন সংঘবদ্ধ মুখোশধারী সন্ত্রাসী একটি সাদা মাইক্রোবাসে জোরপূর্বক শাহিনা ও তার ছেলে আবদুল্লাহকে অপহরণ করে নিয়ে যায়। এরপর থেকে তাদের আর কোনও খোঁজ পাওয়া যাচ্ছে না।
ভিকটিম শাহিনার বাবা মামলার বাদী আশরাফুল ইসলাম জানান, শাহিনা সৌদি প্রবাসী আব্দুল জলিলের স্ত্রী। আব্দুল জলিল দীর্ঘদিন ধরে সৌদি আরবে চাকুরিরত আছেন। সম্প্রতি আব্দুল জলিলের পাঠানো টাকায় শাহিনা একটি নতুন বাড়ি নির্মাণ এবং সেটিতে রং ও টাইলসের কাজ করছিলেন। ওই বাড়ির রং মিস্ত্রির কাজ করছিল অপহরণকারী উজ্জ্বল হোসেন ও তার বাবা সেকেন্দার আলী। তাদের দ্রুত উদ্ধার করতে না পারলে সন্ত্রাসীরা তাদের হত্যা করে লাশ গুম করতে পারে। ঘটনার পর পরই থানায় অভিযোগ করতে গেলে পুলিশ অভিযোগ নিতে গড়িমসি করায় তিনি আদালতে মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে আগামী ৩০ জুনের মধ্যে ঘটনার তদন্ত প্রতিবদনের জন্য মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) নির্দেশ দেন।
এ বিষয়ে মান্দা থানার ওসি মোজাফ্ফর হেসেন জানান, এখনো আদালতের নির্দেশনা পাওয়া যায়নি। পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আর থানায় মামলা নেওয়ায় পুলিশের গড়িমসির অভিযোগটি সত্য নয়।
আরও পড়ুন: ঈদের আগেই জয়দেবপুর-ময়মনসিংহ চার লেনের উদ্বোধন: ওবায়দুল কাদের
/জেবি/আপ-এআর/