জয়পুরহাটে পুলিশের সঙ্গে 'বন্দুকযুদ্ধে' ডাকাত সর্দার গুলিবিদ্ধ

বন্দুকযুদ্ধজয়পুরহাটের পাঁচবিবিতে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে সানোয়ার নামে এক ডাকাত সর্দার গুলিবিদ্ধ হয়েছেন। তার বিরুদ্ধে থানায় ১৮টি মামলা রয়েছে বলে পুলিশ দাবি করেছে। তাকে গুরুতর আহত অবস্থায় জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল থেকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।

পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম জানান, বুধবার দিনগত রাত দেড়টার দিকে পাঁচবিবি’র জয়পুরহাট হিলি সড়কের শিমুলতলীতে গাছের গুঁড়ি ফেলে ডাকাতদের একটি দল ডাকাতির চেষ্টা করছিল এমন খবর পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় ডাকাতরা গুলি ছুঁড়তে শুরু করে। আত্মরক্ষার্থে পুলিশও শর্টগানের ১০ রাউন্ড গুলি ছোড়ে। এতে ডাকাতরা পালিয়ে গেলেও তাদের সর্দার সানোয়ারকে গুলিবিদ্ধ অবস্থায় আটক করে পুলিশ।

এ সময় ঘটনাস্থল থেকে পুলিশ হাঁসুয়া, চাকু, লাঠি, রড ইত্যাদি দেশীয় অস্ত্র উদ্ধার করে। এই ঘটনার পর আহত  সানোয়ারকে প্রথমে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল ও পরে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

সানোয়ার পাঁচবিবি উপজেলার বিনশিরা গ্রামের মেছের আলীর ছেলে। তার বিরুদ্ধে পাঁচবিবিসহ বিভিন্ন থানায় অস্ত্র, ডাকাতি, অগ্নিসংযোগসহ মোট ১৮টি মামলা রয়েছে।

আরও পড়ুন- 

বিএনপির জাতীয় ঐক্যের আহ্বান ষড়যন্ত্রমূলক: হানিফ
বৈশ্বিক পদ্ধতিকেই দায়ী করলেন ড. আতিউর রহমান

/জেবি/এফএস/