চাঁপাইনবাবগঞ্জে ককটেলসহ দুই জেএমবি সদস্য গ্রেফতার

গ্রেফতারের প্রতীকী ছবিচাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলার সুন্দরপুর ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের গ্রাম্য ডাক্তার সাইফুদ্দিনের বাড়িতে অভিযান চালিয়ে দুই জেএমবি সদস্যকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার বিকেল ৫টায় এক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ মো. হামিদুর রশিদ এ তথ্য জানান। তিনি বলেন, ভোর সাড়ে তিনটার দিকে ওই বাড়িতে গোপন বৈঠক করার সময় তাদের গ্রেফতার করা হয়। এসময় সেখান থেকে  ২০টি ককটেল উদ্ধার করা হয়।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- সুন্দরপুর বাগডাঙ্গা গ্রামের জয়নাল আবেদিনের ছেলে ডাক্তার সাইফুদ্দিন ওরফে জামাল ওরফে সাইফুল ইসলাম ওরফে সাব্বির (৪০) এবং বড়মরা পাগলা এলাকার হারুন-উর-রশীদের ছেলে মো. আবুল কাশেম ওরফে তরিকুল (৩৫)।
মো. হামিদুর রশিদ জানান, নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ২৫/৩০ জন জেএমবি সদস্য ওই বাড়িতে গোপন বৈঠক করছিলো। গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে সেখান থেকে ২০টি তাজা ককটেলসহ দুই জনকে গ্রেফতার করা হয়। তবে বাকিরা পালিয়ে গেলেও তাদের ধরতে অভিযান অব্যাহত আছে বলে জানান তিনি।

তিনি আরও বলেন, গ্রেফতার ব্যক্তিরা জেএমবির তালিকাভুক্ত সক্রিয় সদস্য। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক দ্রব্য আইনে একটি মামলা করা হয়েছে।

আরও পড়ুন: রোয়াংছড়ির ঘটনাস্থল পরিদর্শন করলেন জেলা প্রশাসক

/এসএনএইচ/আপ-এআর/