তথ্যমন্ত্রী বলেন, জঙ্গিরা হাজার বছরের মুসলিম রীতি ধ্বংসসহ সরকার উৎখাতের চক্রান্ত করছে। তারা তরবারি হাতে ঈদের নামাজ আদায় না করে নৃশংসভাবে অসহায় মানুষকে হত্যা করেছে। তাই জঙ্গিদের ধ্বংস করা ছাড়া আর কোনও উপায় নেই।
সাংবাদিকদের উদ্দেশে হাসানুল হক ইনু বলেন, গণতন্ত্রের ওপর হামলা প্রকারান্তরে গণমাধ্যমের ওপর হামলা। তাই জঙ্গিবাদ দমনে গণতন্ত্র ও গণমাধ্যম হাত ধরাধরি করে চলবে।
বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জাতীয় ঐক্যের ডাক প্রসঙ্গে তথ্যমন্ত্রী বলেন, খালেদা জিয়া জামায়াত ও জঙ্গি ছাড়ার ঘোষণা না দিয়ে বরং তাদের পাশে রেখে এ প্রস্তাব দেওয়া তা ঠাট্টা স্বরূপ। তাই তাকে বলি, জঙ্গির ব্যাপারে নিজেদের অবস্থান পরিষ্কার না করে এমন ঠাট্টা করবেন না।
এসময় ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের জন্য নীতিমালা করার আশ্বাস দিয়ে তথ্যমন্ত্রী বলেন, ২০০৬ সালে বিএনপি সরকার প্রেস পাবলিক অ্যাক্ট পরিবর্তন করে সাংবাদিকদের সুযোগ-সুবিধা একধাপ নামিয়ে আনে। বর্তমান সরকার বঙ্গবন্ধু সরকারের সময়ের আইন হালনাগাদ করার চেষ্টা করছেন। এ জন্য বিএফইউজের নেতৃবৃন্দ ও সিনিয়র সাংবাদিকদের সঙ্গে আলোচনা চলছে। এখান থেকে পাওয়া সুপারিশ পরবর্তী সময়ে সংসদে তোলা হবে।
মতবিনিময়ের সময় উপস্থিত ছিলেন বগুড়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, সহ-সভাপতি ইকবাল হোসেন রতন প্রমুখ।
/এনএস/এমএনএইচ/