পাবনায় হত্যা মামলায় পাঁচজনের যাবজ্জীবন

আইন-আদালতপাবনায় একটি হত্যা মামলায় পাঁচ যুবকের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। মঙ্গলবার দুপুরে পাবনার স্পেশাল জজ আদালতের বিচারক লিয়াকত আলী মোল্লা এ রায় ঘোষণা দেন।

যাবজ্জীবন সাজাপ্রাপ্তরা হলেন, শহরের শালগাড়িয়া মহল্লার তাপস কুমার (৩০), আমিনুল ইসলাম মিন্টু (২৮),মানিক চন্দ্র (২৭) ও সুমন ওরফে ঘেটু (৩০) এবং সদর উপজেলার মালিগাছা গ্রামের ইমরান শেখ (২৫)।

এ মামলায় দুজন  খালাস পেয়েছেন। তারা হলেন, শালগাড়িয়া মহল্লার প্রিন্স (৩০) ও পনু।

মামলার বিবরণে জানা যায়, সদর উপজেলার শালগাড়িয়া মহল্লার জীবন কুমারের লাশ ২০০৫ সালের ২৬ জানুয়ারি পাবনা সরকারি অ্যাডওয়ার্ড কলেজের শহীদ মিনারের পেছন থেকে উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় জীবন কুমারের বাবা দুলাল কুমার বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে হত্যা মামলা করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা (বর্তমান সদর থানার ওসি-তদন্ত) মুন্সী আবু কুদ্দুস জানান, পুলিশ মামলাটি অধিকতর তদন্ত শেষে উপরোক্ত সাতজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। মামলার দীর্ঘ শুনানি শেষে বিচারক পাঁচজনকে যাবজ্জীবন সাজা ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেন।

সরকারপক্ষে মামলাটি পরিচালনা করেন স্পেশাল পিপি অ্যাডভোকেট আব্দুর রকিব। আসামিপক্ষের আইনজীবী ছিলেন সনৎ কুমার ও কাজী সাজ্জাদ ইকবাল লিটন।

আরও পড়ুন:
চার মাসেও অগ্রগতি নেই তনু হত্যা মামলার

‘কেমন করি বাঁচি থাকবো জানি না’

/বিটি/