বগুড়ায় প্রতিপক্ষের ছুরিকাঘাতে ভ্যান চালক নিহত : দম্পতি আটক

বগুড়া

বগুড়ার শিবগঞ্জে রাস্তা নিয়ে বিরোধের জের ধরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বাদল মিয়া (২৮) নামে এক অটোভ্যান চালক নিহত হয়েছেন। এসময় তার ভাই বুলবুল ইসলাম (২২)ও চাচাতো ভাই বেলাল উদ্দিন (৩৫)আহত হয়েছেন। বুধবার রাতে উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কাজিতলা গ্রামে এই ঘটনা ঘটে। এই ঘটনায় বৃহস্পতিবার বিকাল পর্যন্ত কোনও মামলা হয়নি। লাশ মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্বজনরা জানান, শিবগঞ্জ উপজেলার পূর্ব জাহাঙ্গীরাবাদ কাজিতলা গ্রামে রাস্তার জায়গা নিয়ে তাজুল ইসলামের সঙ্গে তার আত্মীয় নবীর উদ্দিনের ছেলে রায়হান আলীর বিরোধ চলে আসছিল। বুধবার রাত ৯টার দিকে তাজুল তার ভাই আসাদ আলীর ছেলে বাদলকে ডেকে রাস্তাটি দেখাচ্ছিলেন। এ সময় রায়হান আলী ও তার লোকজন সেখানে গেলে। তারা বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এক পর্যায়ে রায়হান ও তার লোকজন ছোরা ও লাঠিসোটা নিয়ে তাদের ওপর হামলা চালায়। এসময় ছুরিকাঘাতে বাদল মিয়া, তার ভাই বুলবুল ইসলাম এবং চাচা শাহাদত আলীর ছেলে বেলাল উদ্দিন আহত হন। তাদের উদ্ধার করে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করলে রাত সোয়া ১০টার দিকে অটোভ্যান চালক বাদল মিয়া মারা যান। শিবগঞ্জ থানা পুলিশ বৃহস্পতিবার সকালে লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

এ ব্যাপারে শিবগঞ্জ থানার ওসি একেএম আহসান হাবিব জানান,হত্যার ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে রায়হান আলী ও তার স্ত্রী ময়না খাতুনকে আটক করেছে পুলিশ।মামলার প্রস্তুতি চলছে।

/জেবি/

আরও পড়তে পারেন : চৌগাছায় জামায়াত নেতা আটক