রাজশাহীতে র‌্যাবের জঙ্গিবিরোধী প্রচারণা

রাজশাহী মহানগরে জঙ্গিবিরোধী প্রচারণা চালিয়েছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। রবিবার বেলা ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত নগরীর সাহেববাজার, জিরোপয়েন্ট, আরডিএ মার্কেট ও সোনাদীঘি মোড়সহ আশপাশের এলাকায় এই প্রচারাভিযান চালানো হয়।

জঙ্গিবিরোধী লিফলেট বিতরণ করছেন র‌্যাব সদস্যরাএসময় এলাকার পথচারীদের মাঝে জঙ্গিবিরোধী লিফলেট বিতরণ করেন র‌্যাব সদস্যরা। এছাড়া বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়েও ব্যবসায়ীদের সচেতন করা হয়। পাশাপাশি মোড়ে মোড়ে পোস্টার ও বিভিন্ন যানবাহনে জঙ্গিবিরোধী স্টিকার লাগানো হয়।

এসব পোস্টার ও স্টিকারে লেখা আছে, ‘জঙ্গিবাদ জিহাদ নয়, মানুষ হত্যা পূণ্য নয়’, ‘র‌্যাবকে তথ্য দিন, জঙ্গি ধ্বংসে অংশ নিন’, ‘জঙ্গি উৎস নির্মূল করি, শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ি’, ‘ভাড়াটিয়ার তথ্য নিন, জঙ্গি হলে ধরিয়ে দিন’, ‘আসুন জঙ্গিবাদ রুখে দাঁড়াই’।

প্রচারণায় র‌্যাব-৫ এর রাজশাহী রেলওয়ে কলোনি ক্যাম্পের অধিনায়ক মাহবুব আলম ও স্কোয়াড্রন লিডার কে বি এম মোবাশ্বের রহিমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

/এমও/