বগুড়ায় ১৯৮ সিলিন্ডারে বিস্ফোরণ, আহত ১

দুর্ঘটনার পর ঘটনাস্থলের দৃশ্যবগুড়ায় তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) ১৯৮টি সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে। এতে এক শ্রমিক আহত হয়েছেন। শনিবার সকালে শাজাহানপুরের সুজাবাদ লিচুতলা এলাকায় পদ্মা অয়েল কোম্পানির গ্যাস ডিপোতে এ দুর্ঘটনা ঘটে।

পদ্মা অয়েল কোম্পানির এলপি গ্যাস ডিপোর অফিস সহকারি আশরাফুল ইসলাম জনি ও প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার সকালে সিলেটের কৈলাশ টিলা থেকে একটি ট্রাকে করে ৩৭৮টি সিলিন্ডার গ্যাস ডিপোতে আসে। সকাল সাড়ে ১১টার দিকে শ্রমিকরা ট্রাক থেকে সিলিন্ডারগুলো নামানো শুরু করে। এর মধ্যে একটি সিলিন্ডার মাটিতে পড়ে যাওয়ার পর সেখান থেকে গ্যাস বের হতে থাকে। একই সময় আরেকটি সিলিন্ডার সেটির ওপর পড়লে আগুন ধরে যায়। ওই আগুনে ট্রাক পুড়ে যাওয়ার পাশাপাশি বিস্ফোরিত হয় ১৯৮টি সিলিন্ডার।

বগুড়া ফায়ার সার্ভিস স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার সাবেক আলী জানান, প্রায় দেড় ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে একটি ট্রাক সম্পূর্ণ ও দু’টি ট্রাক আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে।

রাজশাহী বিভাগীয় এলপি গ্যাস পরিবেশক সমিতির সাধারণ সম্পাদক আহসানুর রশীদ ডাবলু জানান, সিলিন্ডারগুলো অনেক পুরনো। সেগুলো পরিবর্তনের জন্য দাবি জানানো হলেও কর্তৃপক্ষ তা আমলে নেয়নি।

/এআরএল/

 আরও পড়ুন: 

এবারও সমন্বিত ভর্তি পরীক্ষা হচ্ছে না: লোকসান দিতে চায় না পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো!