নওগাঁয় ঝড়ে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত, নিহত ১

আকস্মিক ঝড়ে নওগাঁর তিনটি উপজেলার অন্তত ১৫টি গ্রামের শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। এ সময় গাছের ভাঙা ডালের নিচে চাপা পড়ে মনোয়ারা খাতুন (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। একই ঘটনায় জেহাদ নামে এক স্কুলছাত্র গুরুতর আহত হয়েছে। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।  রবিবার বিকালে এ ঘটনা ঘটে।Naogaon-Tornado-Picture-r1

নিহত মনোয়ারা মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের রহট্টা গ্রামের খাদেম আলীর স্ত্রী।

আহত জেহাদ একই গ্রামের ভাদু মণ্ডলের ছেলে।

মহাদেবপুর উপজেলার রাইগাঁ ইউনিয়নের চেয়ারম্যান মঞ্জুরুল আলম জানান, স্থানীয় রহট্টা গ্রামে ঝড়ের সময় মনোয়ারা ছাগল আনতে বাড়ির বাইরে গেলে হঠাৎই গাছের ভেঙে পড়া  ডালের নিচে চাপা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এর কিছু দূরে একই গ্রামের জিহাদ গাছের ভেঙে পড়া ডালের চাপায় আহত হয়।

তিনি আরও জানান, ওই এলাকার কন্দুনা, হরিপুর, রঘুনাথপুর, রহট্টাসহ অন্তত ৮টি গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর বিধস্ত হয়েছে। এদিকে জেলার আত্রাই উপজেলার গোয়ালবাড়ি, নৈদীঘি, নওদুলী বাজার, দীঘিরপাড়াসহ ৭ গ্রামের অর্ধশতাধিক বাড়িঘর ও দোকানপাট বিধস্ত হয়েছে। এসময় এলাকার অসংখ্য গাছপালা ভেঙে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: চা শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার 

/এআর/