বাবার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ ছেলের

জয়পুরহাট সদর উপজেলার পশ্চিম কোমর গ্রামে বাবার বিরুদ্ধে মাকে হত্যার অভিযোগ করেছে তাদের সাত বছরের ছোট ছেলে রাহুল। এ ঘটনায় তার বাবা রেজাউল করিমকে গ্রেফতার করেছে পুলিশ। সোমবার (২৯ আগস্ট) সকাল সাতটার দিকে বাড়ির পাশের একটি খড়ের পালার কাছ থেকে বেনুয়ারা বেগম (৩৭) নামে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়।রেজাউল-করিম-ও-গৃহবধূ-বেনুয়ারা-বেগম

এ ঘটনায় নিহতের ছোট বোন ছানোয়ারা বেগম বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

গ্রামবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে,পারিবারিক কলহের জের ধরে রবিবার রাতে ঘরে ঘুমানেরা সময় বালিশ চাপা দিয়ে স্বামী রেজাউল করিম তার স্ত্রী বেনুয়ারাকে হত্যা করে। পরে তার মরদেহ বাড়ির পাশে খড়ের পালার কাছে রেখে আসে। বিষয়টি তাদের সাত বছরের ছোট ছেলে রাহুল তা দেখে ফেললে গ্রামবাসী রেজাউলকে আটক করে পুলিশে খবর দেয়।

সোমবার সকালে পুলিশ বেনুয়ারার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতাল মর্গে পাঠায়।

প্রতিবেশী শাহজাহান আলী উলফত জানান,রেজাউল তার স্ত্রী বেনুয়ারাকে প্রায়ই মারধর করতো। এর আগে মারধরের অভিযোগে তিনবার গ্রামে সালিশ বসিয়ে তাদের কলহ মীমাংসা করা হয়েছে।  

নিহতের ছোট বোন ছানোয়ারা বেগম জানান, প্রায় ২২ বছর আগে বড় বোন বেনুয়ারার বিয়ে হয়। তার দুটি সন্তান আছে। বিয়ের পর থেকেই স্বামী রেজাউল   তার বোনকে খুব অত্যাচার করতো। দুই সন্তানের ভবিষ্যতের কথা ভেবে বোন সংসার ছাড়তে চায়নি।

জয়পুরহাট সহকারী পুলিশ সুপার অশোক কুমার পাল জানান,পরকীয়ার মিথ্যা সন্দেহে স্বামী রেজাউল তার স্ত্রী বেনুয়ারাকে বালিশ চাপা দিয়ে হত্যা করেছে।  তার সাত বছরের ছোট ছেলে রাহুলের মুখ থেকে এ তথ্য জানা গেছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ জেএমবির সামরিক শাখার কমান্ডারসহ নিহত ২ 

/এআর/