জঙ্গিদের জন্য কোনও মানবাধিকার নেই বলে মন্তব্য করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) এ কে এম শহীদুল হক। শনিবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুলিশ লাইন মাঠে আয়োজিত কমিউনিটি পুলিশিং এবং জঙ্গিবাদবিরোধী মহাসমাবেশে তিনি এ কথা বলেন।
কল্যাণপুর ও নারায়ণগঞ্জে জঙ্গিদের অনেক সময় দেওয়া হয়েছে। কিন্তু তারা আত্মসমর্পন করেনি জানিয়ে আইজিপি বলেন, ‘জঙ্গিদের গ্রেফতার করা সহজ বিষয় না, তারা আত্মঘাতী। তারা নিজেরা বলে, আমরা মরবো, জান্নাতে যাব, যাদের মারবো, তারাও জাহান্নামে যাবে। তারা কখনও ধরা দিতে চায় না।’
পৃথিবীর কোনও দেশে জঙ্গিদের গ্রেফতার করে না উল্লেখ করে আইজিপি বলেন, ‘আল কায়েদা নেতা লাদেনকে যুক্তরাষ্ট্র কত বছর চেষ্টার পর পাকিস্তান থেকে গ্রেফতার করলো, তাকে কী জীবিত রেখেছে? যাওয়ার পথে মেরে সমুদ্রে ফেলে গেছে।’
রাজশাহী মহানগর পুলিশের কমিশনার শফিকুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের ডিআইজি খোরশেদ হোসেন, র্যাব-৫ অধিনায়ক লে. কর্নেল মাহবুব আলম, বিজিবি ব্যাটালিয়ন-১ পরিচালক লে. কর্নেল শাহাজাহান সিরাজ প্রমুখ।
/এমডিপি/এমও/