শেরপুর থানার ওসি খান মো. এরফান জানান, ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কাছে লুটের ঘটনা শুনছেন।
সোলায়মান নামে এক বেপারি জানান, তারা কোরবানির গরু কেনার জন্য সোমবার চট্রগ্রাম থেকে বগুড়ার শিবগঞ্জের বুড়িগঞ্জ হাটে আসেন। তিন বেপারি হাট থেকে প্রায় ২৫ লাখ টাকায় বিভিন্ন সাইজের ২৫টি গরু কেনেন। রাতে গরুগুলো একটি ট্রাকে (চট্ট-মেট্রো-ব-১১-১৬২৫) তুলে চট্টগ্রামের দিকে রওনা হন। রাত ১টার দিকে বগুড়ার শেরপুরের ঘোগাব্রিজ এলাকায় পৌঁছলে ১৫-২০ জনের একদল দুর্বৃত্ত মহাসড়কে আড়াআড়িভাবে ট্রাক রেখে বেরিক্যাড দেয়। তারা ট্রাকের চালক, হেলপার, তিন বেপারি ও রাখালকে হাত-পা বেঁধে মহাসড়কের পাশে ফেলে দেয়। এরপর গরু বোঝাই ট্রাক নিয়ে পালিয়ে যায়।
শেরপুর থানার ওসি মঙ্গলবার জানান, তিনি ট্রাকভর্তি গরু লুটের কথা শুনেছেন। গরুর মালিক চট্টগ্রামের ইমাম, আলমগীরসহ কয়েকজনের কাছে অভিযোগ শুনছেন। এরপর মামলাসহ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: 'দেশে ৪৯০টি নতুন স্টেডিয়াম হবে’
/এআর/