বুধবার রাবিতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী

রাজশাহী বিশ্ববিদ্যালয়শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যাচ্ছেন। এ দিন বিশ্ববিদ্যালয়ের ৬৮ শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হবে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিশ্ববিদ্যালয় সিনেট ভবনে ওইদিন সকাল ১০টায় স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দফতরের প্রশাসক অধ্যাপক মশিহুর রহমান জানান, এবার ৬৪ জনকে অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, তিনজনকে ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক ও একজনকে ডা. এ কে খান স্বর্ণপদক প্রদানের জন্য নির্বাচিত করা হয়েছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি থাকবেন অগ্রণী ব্যাংক লিমিটেড-এর চেয়ারম্যান ড. জায়েদ বখ্ত ও একই ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শাম্স-উল ইসলাম।

প্রসঙ্গত, স্নাতক (সম্মান) এবং স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ অনুষদে প্রথম স্থান অর্জনের জন্য অগ্রণী ব্যাংক স্বর্ণপদক, দর্শন বিভাগে স্নাতকোত্তর পরীক্ষায় প্রথম শ্রেণিসহ প্রথম স্থান অর্জনের জন্য ড. মমতাজ উদ্দিন আহমদ স্বর্ণপদক এবং এমবিবিএস শেষ বৃত্তিমূলক (নিয়মিত) পরীক্ষায় প্রথম স্থান অর্জনের জন্য ডা. এ কে খান স্বর্ণপদক দেওয়া হয়।

আরও পড়ুন:

বগুড়ায় সীমান্তপথে ঢুকছে মাদক, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা 

/বিটি/