বগুড়ায় দুর্বৃত্তের আগুনে কৃষক দগ্ধ, ৬ গবাদি পশুর মৃত্যু

প্রতীকী আগুনবগুড়ার ধুনট উপজেলার সিরাজগঞ্জের কাজিপুরের ভানুডাঙ্গা গ্রামে বুধবার রাতে দুর্বৃত্তের দেওয়া আগুনে আফাজ খান (৫০) নামে এক কৃষক দগ্ধ হয়েছেন। আগুনে দুটি ঘর ও ৬টি গবাদি পশু পুড়ে মারা গেছে। আহত কৃষককে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
কাজিপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন।
জানা গেছে, সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার ভানুডাঙ্গা গ্রামের আতাজ খানের ছেলে কৃষক আফাজ খানের সঙ্গে চরভানুডাঙ্গা গ্রামের বাদশা মিয়ার দীর্ঘদিন বিরোধ চলে আসছে। বুধবার রাত ৯টার দিকে কৃষক আফাজ খান ও পরিবারের সদস্যরা নিজ নিজ ঘরে ঘুমাতে যান। এ সময় দুর্বৃত্তরা গোয়াল ধরে আগুন দেয়। তাদের চিৎকারে প্রতিবেশিরা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। আগুনে গোয়াল ঘরে থাকা পাঁচটি গরু ও একটি ছাগল পুড়ে মারা যায়। এ সময় কৃষক আফাজ খান হাত, পা ও শরীর দগ্ধ হয়। স্থানীয়রা তাকে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দেন।

আফাজ খান অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জের ধরে চর ভানুডাঙ্গা গ্রামের আইজ উদ্দিনের ছেলে বাদশা মিয়া, মজনু ও সন্দেশ আলীর ছেলে রব্বানীসহ ৫/৬ জন দুর্বৃত্তর তার গোয়াল ধরে আগুন দিয়েছে। ছয়টি গরু-ছাগল মারা গেছে। আগুনে তার অন্তত চার লাখ টাকার ক্ষতি হয়েছে। বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।

কাজিপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান জানান, অগ্নিকাণ্ডের খবর পেয়ে সেখানে পুলিশ পাঠানো হয়েছিল। অভিযোগ পেলে তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

/ এইচকে/