চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় কর্মকর্তাসহ আট পুলিশ সদস্য আহত

 

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ডিবি পুলিশের বহনকারী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে অতিরিক্ত পুলিশ সুপারসহ আট  পুলিশ সদস্য আহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে ৬টার দিকে উপজেলার রসুলপুর মোড়ে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার মো. আব্দুল জলিল, ডিবি পুলিশের এসআই সোহেল রানা, এসআই আলমগীর, এএসআই  মো. গোলাম মোস্তফা, কনস্টেবল মো. সেলিম, রাশেল আলী, রাসেল, জাহাঙ্গীর ও গাড়িচালক শাহীন।

চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের ওসি হামিদুর রশিদ জানান, চাঁপাইনবাবগঞ্জের একটি সীমান্ত এলাকায় গোপন অভিযান শেষে বগুড়া ও চাঁপাইনবাবগঞ্জ ডিবি পুলিশের একটি দল ফেরার পথে রসুলপুর মোড়ে বগুড়া ডিবি পুলিশের বহনকারী মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগলে অতিরিক্ত পুলিশ সুপারসহ আট পুলিশ সদস্য আহত  হন। আহতদের মধ্যে অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল জলিল ও শাহীনের অবস্থা আশঙ্কাজনক। তাদের চাঁপাইনবাবগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।

/বিটি/