নাটোরে সড়ক দুর্ঘটনায় আ. লীগ নেতা নিহত, আহত ৩

নাটোরনাটোরের গুরুদাসপুর উপজেলার রেজুর মোড় এলাকায় শ্যালোইঞ্জিন চালিত ভটভটি ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুল আজিজ নিহত হয়েছেন। শনিবার সকালে এই দুর্ঘটনা ঘটে।
নিহত আজিজ ধারাবারিষা ইউনিয়নের ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও দাদুয়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে। এসময় আহত হয়েছেন আরও ৩ জন। আহতদের স্থানীয় ক্লিনিকে ভর্তি করা হয়েছে।
বনপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, আব্দুল আজিজ মাছ ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। শনিবার সকাল ১০টার দিকে সিরাজগঞ্জের তারাশ এলাকা থেকে মাছ কিনে একটি ভটভটিযোগে স্থানীয় বনপাড়া বাজারে ফিরছিলেন। পথে রেজুর মোড় এলাকার ফিডার রোডে একটি সিএনজির সঙ্গে ভটভটির সংঘর্ষ হয়। এতে আজিজসহ মোট ৪ জন আহত হয়।
তিনি আরও জানান, স্থানীয় লোকজন আহত ৪ জনকে নিকটস্থ ক্লিনিকে নিয়ে গেলে গুরুতর জখম অবস্থায় আজিজকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে পথেই তার মৃত্যু হয়। বড়াইগ্রাম থানা পুলিশ সিএনজিটি আটক করে থানায় নিয়ে গেছে।

/এমও/