ভবিষ্যৎ প্রজন্মকে সুশিক্ষিত করার লক্ষ্যে প্রাথমিক শিক্ষাকে সরকার মজবুত করেছে বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান। শনিবার বিকালে সিরাজগঞ্জ সরকারি কলেজ চত্বরে শেখ কামাল অডিটোরিয়ামে আয়োজিত শিক্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে সরকারি স্কুলগুলোতে যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, ‘এত কিছু করার পরও একটি মহল প্রচার করে বেড়াচ্ছে আমাদের নাকি শিক্ষার মান নেই। তারা কখনও যা পারেনি জননেত্রী শেখ হাসিনার সরকার তা করে দেখিয়েছেন। আর এটাই তাদের চক্ষুশূল। এ কারণেই তারা প্রাথমিক শিক্ষার বিরুদ্ধে অপপ্রচারে নেমেছে।’
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ-২ আসনের সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না, অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর আলম খান, প্রাথমিক শিক্ষা রাজশাহী বিভাগের উপ-পরিচালক আবুল খায়ের, সিরাজগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক মনোয়ার হোসেন, সদর উপজেলা চেয়ারম্যান রিয়াজ উদ্দিন, পৌর মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা প্রমুখ।
এর আগে সকালে মন্ত্রী কামারখন্দের জটিবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ত্রিতল ভবন উদ্বোধন করেন। দুপুরে হাজী কোরপ আলী ডিগ্রি কলেজ মাঠে আয়োজিত শিক্ষক ও অভিভাবক সমাবেশেও বক্তব্য রাখেন তিনি। সমাবেশে শেষে ৪০০ কৃতী শিক্ষার্থীর মাঝে বৃত্তি প্রদান ১৭ জন প্রধান শিক্ষকের হাতে ল্যাপটপ এবং ৪ জন প্রধান শিক্ষকের হাতে মাল্টিমিডিয়া প্রজেক্টর তুলে দেওয়া হয়।
/এমও/