চাঁপাইনবাবগঞ্জে পৃথক অস্ত্র মামলায় দুই জেএমবির ২০ বছরের কারাদণ্ড

আইন-আদালতচাঁপাইনবাবগঞ্জে পৃথক অস্ত্র মামলায় দুই জেএমবি সদস্যকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. জিয়াউর রহমান এ রায় দেন।

দণ্ডপ্রাপ্তরা হলো, গোমস্তাপুর থানার কালাই দিয়াড় গ্রামের মো. আব্দুল মোমিন (৩১) ও ভোলাহাট থানার খড়গপুর খোড়াটোলা গ্রামের তোফাজ্জল হকের ছেলে মো. রমজান আলী (৩০)। তবে, রমজান আলী পলাতক থাকায় তার অনুপস্থিতিতেই এই রায় দেওয়া হয়।

মামলার সংক্ষিপ্ত বিবরণে প্রকাশ, ২০০৯ সালের ১৪ জুন শিবগঞ্জ থানা পুলিশ খড়গপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে থেকে মোমিনকে গুলি ও জেহাদি বইসহ আটক করে। তার স্বীকারোক্তি অনুযায়ী ১৭ জুন পুলিশ ভোলাহাট থানার খড়গপুর খোড়াটোলা গ্রামের রমজান আলীর বসতবাড়ি থেকে ১টি সুটারগান, ৩ রাউন্ড রাইফেলের তাজা গুলি ও জেহাদি বই উদ্ধার করা হয়। এ ঘটনায় শিবগঞ্জ ও ভোলাহাট থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে পুলিশ।

সাক্ষ্য প্রমাণাদি শেষে বুধবার চাঁপাইনবাবগঞ্জ স্পেশাল ট্রাইব্যুনাল আদালত-২ এর বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ ওই রায় দেন।

সরকারপক্ষে মামলা পরিচালনা করেন পিপি যবদুল হক ও অতিরিক্ত পিপি আঞ্জুমান আরা এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট আব্দুল ওদুদ।

আরও পড়ুন:
যেভাবে হত্যা করা হয় সাংবাদিক মানিক সাহাকে

/বিটি/