ধর্ষণে ব্যর্থ হয়ে ছাত্রীকে কুপিয়ে জখম

জয়পুরহাটজয়পুরহাটের কালাই উপজেলার মাত্রাই ইউনিয়নে নবম শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টায় ব্যর্থ হয়ে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মুমূর্ষ অবস্থায় ওই ছাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ওই ছাত্রীর চাচা বাদী হয়ে ধর্ষণ চেষ্টা ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন।

পরিবার ও থানা সূত্রে জানা যায়, শুক্রবার রাত ২টার দিকে এক দল দুর্বৃত্ত বাড়িতে ঢুকে ওই ছাত্রীকে ধর্ষণের চেষ্টা চালায়। বাঁধা পেয়ে দুর্বৃত্তরা চাকু দিয়ে ছাত্রীর শরীরে কোপাতে থাকলে সে চিৎকার করে। চিৎকার শুনে পরিবারের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। পরে ঘরের মেঝে থেকে অচেতন ও রক্তাক্ত অবস্থায় ওই ছাত্রীকে উদ্ধার করে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

খবর পেয়ে জয়পুরহাট সহকারী পুলিশ সুপার (সার্কেল) আশোক কুমার পাল এবং কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন।

আহত ছাত্রীর বাবা বলেন,‘গুরুতর অবস্থায় মেয়েকে বগুড়ার শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শরীরের কয়েক জায়গা কেটে গেছে।’

কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুজ্জামান চৌধুরী জানান, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ ব্যাপারে ওই ছাত্রীর চাচা বাদী হয়ে থানায় ধর্ষণ চেষ্টা এবং হত্যা চেষ্টার অভিযোগে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেছেন। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।

তবে তদন্ত না করা পর্যন্ত এর চেয়ে বেশি কিছু বলতে তিনি রাজি হননি।

/এমডিপি/