২০১৬ সাল ছিল আইনশৃঙ্খলা ও রাজনৈতিক স্থিতিশীলতার বছর। শেখ হাসিনার কঠোর ও বাস্তবমুখী পদক্ষেপে জঙ্গি দমন ছিল এ বছরের শ্রেষ্ঠ অর্জন, বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। শনিবার (৩১ ডিসেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে প্রশ্নহীন নির্বাচন উল্লেখ করে আওয়ামী লীগের এই প্রেসিডিয়াম সদস্য বলেন, ‘নির্বাচনে পরাজিতদের বিরুপ প্রতিক্রিয়া জাতির জন্য দুঃখজনক। এ বছরই দেশে প্রথমবারের মত সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে জেলা পরিষদ নির্বাচন হয়েছে।’
জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দিকার সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন, সংসদ সদস্য গাজী ম ম আমজাদ হোসেন মিলন, সংসদ সদস্য সেলিনা বেগম স্বপ্না, সিভিল সার্জন ডা. মঞ্জুর রহমান, পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদ, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী দেবাশীষ রায়, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু হেনা মোস্তফা কামাল, সিরাজগঞ্জ পল্লী বিদ্যুত সমিতি-১ এর মহাব্যবস্থাপক আজাহার আলী প্রমুখ।
/এমও/