উন্নত প্রযুক্তিসম্পন্ন রোবট বানানোর দাবি রুয়েট শিক্ষার্থীদের

অগ্রদূত নামের রোবটটি

উন্নত প্রযুক্তি সম্পন্ন নতুন একটি রোবট বানিয়েছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) একদল শিক্ষার্থী। তাদের দাবি, 'অগ্রদূত' নামের রোবটটি মঙ্গল গ্রহে অভিযান চালাতে সক্ষম। এক বিজ্ঞপ্তিতে শিক্ষার্থীরা একথা জানান।

রুয়েটের মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী মুকিদুর রহমান ও যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী সায়েম মিসকাতের নেতৃত্বে একদল শিক্ষার্থী ‘অগ্রদূত’ নামের ওই রোবটটি উদ্ভাবন করেন।

এ প্রসঙ্গে মুকিদুর রহমান বলেন, তাদের উদ্ভাবিত রোবট যে কোনও প্রতিকূল পরিস্থিতিতে মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম হবে। এই রোবট উদ্ভাবনে এমন কিছু সেন্সর ব্যবহার করা হয়েছে, যা স্বয়ক্রিয়ভাবে এই রোবট মঙ্গলগ্রহে অভিযান চালিয়ে সেখানকার আবহাওয়ার গতি প্রকৃতি, বিষাক্ত যে কোনও গ্যাসের উপস্থিতি নিরূপণ, ভূ-প্রকৃতির গঠন ইত্যাদি সম্পর্কে তথ্যাদি অনুসন্ধান এবং ছবি তুলে পৃথিবীতে পাঠাতে সক্ষম হবে।

RUET Students innovated New Robot Photo 01.01 (1)

আর মুকিদুর সায়েম মিসকাত জানায়, আমেরিকার ইউনির্ভাসিটি অব রোভার চ্যালেঞ্জার্স (ইউআরসি) প্রতিবছর মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম যে কোনও নতুন ও সৃজনশীল উদ্ভাবনের প্রতিযোগিতা আয়োজন করে থাকে। তাদের উদ্ভাবিত রোবট ‘অগ্রদূত’ এই প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ইতিমধ্যে নিবন্ধিত হয়েছে এবং তা প্রর্দশনের আমন্ত্রণ পেয়েছে। প্রয়োজনীয় স্পন্সর পাওয়া গেলে রুয়েট শিক্ষার্থীরা এই প্রতিযোগিতায় অংশ নিয়ে তাদের উদ্ভাবিত রোবটের প্রদর্শন করবে সক্ষম হবে।

রুয়েটের প্রেস অ্যান্ড ইনফরমেশন সেকশন থেকে রবিবার (১ জানুয়ারি) পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজশাহী কলেজে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে  ‘অগ্রদূত’ নামের ওই রোবটের প্রদর্শনী করা হয়। রুয়েটের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ এই রোবটের প্রদর্শনী উদ্বোধন করেন।

রুয়েটের ভাইস চ্যান্সেলর বলেন, ‘রুয়েটের শিক্ষার্থীরা ইতিমধ্যে বেশ কিছু ব্যতিক্রম ধর্মী রোবট উদ্ভাবন করে দেশ ও বহিঃবিশ্বে ব্যাপক আলোড়ন সৃষ্টি করতে সক্ষম হয়েছে। মঙ্গলগ্রহে অভিযান চালাতে সক্ষম এই রোবট উদ্ভাবন করে রুয়েট শিক্ষার্থীরা আবারও তাদের সৃজনশীলতা ও সক্ষমতার প্রমাণ দিলো।’

 /এসটি/