ছাত্রদলের কমিটি আছে, নেই কার্যক্রম

ছাত্রদল

বগুড়ার ধুনট উপজেলায় ছাত্রদলের মেয়াদোত্তীর্ণ কমিটি আছে। তবে নেই কোনও কার্যক্রম নেই। এমনকি সংগঠনের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করেনি এ কমিটি।

পাঁচ বছর আগে ত্রি-বার্ষিক কমিটি গঠিত হয়েছিল। মেয়াদ শেষ হলেও নতুন কমিটি গঠনের কোনও উদ্যোগ নেই। বিবাহিত নেতারা এখনও দায়িত্ব পালন করছেন বলে অভিযোগ রয়েছে। কমিটির কার্যক্রম না থাকায় নেতাকর্মীদের মাঝে ক্ষোভ ও হতাশার সৃষ্টি হয়েছে।

সংগঠনের সূত্র জানায়, বগুড়া জেলা ছাত্রদল প্রায় ৫ বছর আগে ধুনট উপজেলা ছাত্রদলের ৫ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করে। কমিটিতে মোহাম্মদ আলী জনকে সভাপতি, রাজিবুল হাসানকে সহ-সভাপতি, আবু তালহা শামীমকে সাধারণ সম্পাদক, আলফিজুর রহমান স্বপনকে যুগ্ম-সম্পাদক ও শাহাদত হোসেন পিস্টনকে সাংগঠনিক সম্পাদক করা হয়। কিন্তু উপজেলা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের মধ্যে সমঝোতা না হওয়ায় কমিটির মেয়াদ শেষ হলেও পূর্ণাঙ্গ কমিটি গঠন করা সম্ভব হয়নি। উপজেলা ছাত্রদলের কমিটি ঘোষণা করার পর নেতাকর্মীরা বিএনপির দুটি গ্রুপে বিভক্ত হয়ে যায়। ফলে গত ৫ বছরেও উপজেলা ছাত্রদল সুসংগঠিত হতে পারেনি। দলীয় কার্যক্রমে নেতাকর্মীদের তেমন দেখা যায় না।

এছাড়া ২০ বছর আগে উপজেলার ১০টি ইউনিয়নে ছাত্রদলের কমিটি গঠন হলেও বর্তমানে পদবিপ্রাপ্ত কোনও নেতা নেই।

নাম প্রকাশে অনিচ্ছুক ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীরা জানান, উপজেলা ছাত্রদলের কমিটিতে শীর্ষ পদে বিবাহিত নেতারা থাকায় অন্যান্যরা বঞ্চিত হয়েছেন। দলীয় কোনও কার্যক্রমে তাদের দেখা যায় না। ফলে উপজেলায় ছাত্রদলের ৩৮তম প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করা হয়নি। উপজেলা বিএনপি ও পৌর বিএনপির নেতাকর্মীদের মধ্যে গ্রুপিং থাকায় ঝিমিয়ে পড়েছে ধুনট উপজেলা ছাত্রদল।

এ বিষয়ে উপজেলা ছাত্রদলের সভাপতি মোহাম্মদ আলী জন বলেন, বিএনপি ও ছাত্রদলের কমিটিতে গ্রুপিং থাকায় কোনও পূর্ণাঙ্গ কমিটি গঠন হয়নি। এছাড়া কোনও ইউনিয়নেও ছাত্রদলের কমিটি নেই। যার কারণে ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীও পালন করা সম্ভব হয়নি। তবে তিনি জেলা ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে অংশ নিয়েছিলেন।

উপজেলা বিএনপির সভাপতি ও উপজেলা চেয়ারম্যান তৌহিদুল আলম মামুন বলেন, উপজেলা ছাত্রদলের দুই একজন নেতা দলীয় অনুষ্ঠানে অংশগ্রহণ করলেও সভাপতিকে কোনও অনুষ্ঠানে পাওয়া যায় না। দলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন না করা পদবী প্রাপ্ত নেতাদের ব্যর্থতা। তবে তিনি ধুনট উপজেলা ছাত্রদলকে সুসংগঠিত করছেন বলে দাবি করেন।

 /এসটি/