রাজশাহীতে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর ধর্মঘট স্থগিত

rajshahiতিন দফা দাবিতে রাজশাহীর বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর অনির্দিষ্টকালের ধর্মঘট ২৪ ঘণ্টা পর স্থগিত করা হয়েছে। বুধবার বিকেল ৩টার দিকে স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগের পরিচালক ডা. আশীষ কুমার সাহা ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠকের পর ধর্মঘট স্থগিত করা হয়।

বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির সহ সভাপতি ড. ফয়সাল কবীর চৌধুরী বলেন, ‘ওই বৈঠকের পর ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়।’ তিনি বলেন, ‘আমাদের তিন দফা দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন আটককৃত আমানা ও রয়্যাল হাসপাতালের ম্যানেজারকে ছেড়ে দেওয়া হয়েছে। সেই সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে।’

তিনি আরও বলেন, ‘দুপুরে বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক মালিক সমিতির নেতারা প্রথম বৈঠক করে। এরপর স্বাস্থ্য অধিদফতরের রাজশাহী বিভাগের পরিচালক ও সিভিল সার্জনের সঙ্গে বৈঠক করা হয়। ওই বৈঠকের ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে নীতিমালা অনুসরণ করার শর্তে আমাদের দাবি মানার আশ্বাস দেন।’

প্রসঙ্গত, মঙ্গলবার দুপুরে রাজশাহী নগরীর লক্ষ্মীপুর এলাকায় অভিযান চালিয়ে ভ্রাম্যমাণ আদালত আমানা হাসাপাতাল সাড়ে ৩ লাখ, রয়্যাল হাসপাতালের পৌনে ৪ লাখ ও ডেলটা ডায়াগনস্টিক সেন্টারের ১ লাখ টাকা জরিমানা করে। এ সময় আটক করা হয় আমানা ও রয়্যাল হাসপাতালের ম্যানেজারকে। এর প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৩টার দিকে ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে দেয় মালিক সমিতি। এসময় তারা তিন দফা দাবি ঘোষণা করে।

/এমডিপি/