নিখোঁজের ৪ দিন পর মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার

বগুড়াবগুড়ায় নিখোঁজের চারদিন পর সাগর হোসেন (১৪) নামে এক মাদ্রাসা ছাত্রের বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ। সাগর লেখাপাড়ার পাশাপাশি বাবার অটোভ্যান চালাতো। পুলিশের ধারণা, যাত্রীবেশি দুর্বৃত্তরা ভ্যান ছিনিয়ে নিতে বা পারিবারিক কোনও শত্রুতায় তাকে খুন করেছে। শুক্রবার বিকালে এ খবর পাঠানো পর্যন্ত মামলা হয়নি।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়ার শাজাহানপুর উপজেলার আতাইল গ্রামের আবদুল বাসেদের ছেলে সাগর হোসেন স্থানীয় আতাইল মাদ্রাসায় অষ্টম শ্রেণিতে পড়তো। পাশাপাশি সে বাবার অটোভ্যান চালিয়ে সংসারে সহযোগিতা করতো। সাগর গত ২৯ জানুয়ারি বিকালে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়। এরপর আর ফিরে আসেনি। পরদিন তার বাবা শাজাহানপুর থানায় জিডি করেন। চারদিন পর বৃহস্পতিবার সন্ধ্যায় পার্শ্ববর্তী কাহালু উপজেলার জামগ্রাম সোনারপাড়া গ্রামে একটি পুকুরে তার বস্তাবন্দি লাশ পাওয়া যায়।
শুক্রবার সকালে লাশ বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
কাহালু থানার এসআই জাকির হোসেন জানান, সাগরকে কানের মধ্যে সরু ধারালো অস্ত্র ঢুকিয়ে হত্যা করা হয়েছে।প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যাত্রীবেশি দুর্বৃত্তরা অটোভ্যান ছিনিয়ে নিতেই তাকে হত্যা করে লাশ বস্তায় তুলে পুকুরে ফেলে দিয়েছে। আবার পারিবারিক কোনও শত্রুতার জেরেও সে খুন হতে পারে। এঘটনায় এখনও কেউ গ্রেফতার হয়নি এবং অটোভ্যানের সন্ধান পাওয়া যায়নি।

/এআর/