বগুড়ায় স্কুলছাত্রী ধর্ষণ চেষ্টার অভিযোগে একজন গ্রেফতার

বগুড়াবগুড়ার দুপচাঁচিয়ায় এক স্কুলছাত্রীকে (৯) ধর্ষণ চেষ্টার অভিযোগে আফজাল হোসেন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করে পুলিশে সোপর্দ করেছে গ্রামবাসী। এ ঘটনায় বৃহস্পতিবার রাতে ওই শিশুর বাবা অভিযুক্ত আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। জবানবন্দি গ্রহণের জন্য আজ শুক্রবার দুপুরে ওই শিশু ও আফজালকে আদালতে পাঠানো হয়েছে।

মামলার এজহার সূত্রে জানা গেছে,  বৃহস্পতিবার সন্ধ্যার দিকে দুপচাঁচিয়া উপজেলায় ওই শিশুটির বাবা-মা বাড়িতে ছিলেন না। এ সুযোগে প্রতিবেশি আফজাল হোসেন স্কুলছাত্রীকে পাশের বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বাড়িটি ঘেরাও করে। এরপর একটি ঘর থেকে শিশুকে উদ্ধার ও আফজাল হোসেনকে আটক করা হয়। এ ঘটনায় রাতেই ‍শিশুটির বাবা থানায় আফজাল হোসেনের বিরুদ্ধে মামলা করেছেন।

দুপচাঁচিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। জবানবন্দি নেওয়ার জন্য দু’জনকে বগুড়ায় আদালতে পাঠানো হয়েছে।

/এমডিপি/