নাটোরে ট্রাকচাপায় দুই আ.লীগ নেতা নিহত

নাটোরের সিংড়া উপজেলার চৌগ্রাম ইউনিয়নের জোড়ব্রিজ এলাকায় ট্রাকচাপায় দুই আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। নিহতরা হলেন- চামারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাখাওয়াত আলম বকুল (৪০) ও বিলদহর ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মধু (৩৮)।
শনিবার সকাল সাড়ে ১১টার দিকে বিলদহর গোরস্থানে জানাজা শেষে তাদের দাফন করা হয়েছে। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম ও সিংড়া মেয়র জান্নাতুল ফেরদৌস। এতে উপজেলা আওয়ামী লীগের নেতাকর্মীসহ স্থানীয় শত শত মানুষ জানাজায় অংশগ্রহণ করেন।
এর আগে, শুক্রবার রাতে সিংড়া বাজার থেকে ইটালি গ্রামে যাওয়ার জন্য মোটরসাইকেলে করে বিলদহর গ্রামের চামারী ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সাখাওয়াত আলম বকুল (৪০) ও বিলদহর ৮নং ওর্য়াড আওয়ামী লীগের সভাপতি মাহবুব আলম মধু (৩৮) রওনা হন। পথে রাত সাড়ে ৯টার দিকে তারা নাটোর-বগুড়া মহাসড়কের জোড়ব্রিজ এলাকায় পৌঁছালে বগুড়াগামি একটি দ্রুতগামী ট্রাক তাদের পেছন দিক থেকে চাপা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই দুই আওয়ামী লীগ নেতা নিহত হন।
সিংড়া থানার ওসি নাছির উদ্দিন মন্ডল জানান, এ ঘটনায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পর থেকেই ট্রাকের ড্রাইভার ও হেলপার পলাতক রয়েছে। তবে ট্রাকটি উদ্ধার করেছে পুলিশ।

/এমও/