১৪ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ রুয়েটে, তদন্ত কমিটি গঠন

রুয়েট‘৩৩ ক্রেডিট’ পদ্ধতি বাতিলের দাবি আদায়ে শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের পর রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে। গত সোমবার থেকে তারা এ কর্মসূচি পালন করে আসছেন। এতে বিশ্ববিদ্যালয়ে টানা ১৪ দিন ধরে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে।

শিক্ষকদের অভিযোগ, শিক্ষার্থীরা তাদের আন্দোলন চলাকালে শিক্ষকদের অবরুদ্ধসহ বিভিন্নভাবে হেনস্তা করেন। এছাড়া সামাজিক যোগাযোগ মাধ্যমে শিক্ষকদের নিয়ে বাজে মন্তব্যও করা হয়। তারা শিক্ষার্থীদের ওই আন্দোলনে শিক্ষকদের জিম্মি করে দাবি আদায়ে উসকানিদাতা ও অসৌজন্যমূলক আচরণের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।

এদিকে, বুধবার শিক্ষকদের অভিযোগের প্রেক্ষিতে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে দ্রুত প্রতিবেদন দিতে বলা হয়েছে বলে জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক রফিকুল আলম বেগ বলেন, ‘আজ (বুধবার) শিক্ষক সমিতির সঙ্গে দুপুরে আলোচনা হয়েছে। আলোচনায় গঠিত তদন্ত কমিটি শিক্ষকদের অভিযোগ তদন্ত করবে বলে জানানো হয় শিক্ষকদের। এসময় শিক্ষক সমিতি সভা করে তাদের সিদ্ধান্তের কথা জানাবেন বলে আমাকে অবহিত করেন।’

এ বিষয়ে শিক্ষক সমিতির সভাপতি ধীরেন্দ্রনাথ মুস্তাফীর সঙ্গে বারবার মুঠোফোনে যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভি করেননি।

এর আগে গত ২৮ জানুয়ারি থেকে বিশ্ববিদ্যালয়ের ১৪ ও ১৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ৩৩ ক্রেডিট পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করে আসছিল। সরকারি ও সাপ্তাহিক ছুটির বাইরে সবদিনই তারা ওই কর্মসূচি অব্যাহত রাখেন। টানা আন্দোলনের পর ৫ ফেব্রুয়ারি কর্তৃপক্ষ দাবি মেনে নিলে শিক্ষার্থীরা কর্মসূচি প্রত্যাহার করে। এরপর ওইদিন রাতেই শিক্ষক সমিতির সভায় অনির্দিষ্টকালের ক্লাস-পরীক্ষা বর্জন করে ধর্মঘটের সিদ্ধান্ত নেওয়া হয়। পরদিন সোমবার থেকে তারা এই কর্মসূচি পালন করে আসছেন।

/এফএস/ 

আরও পড়ুন- 


‘কার গুলিতে শিমুল নিহত হয়েছেন এখনই বলা যাচ্ছে না’