বগুড়ায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তি নব্য জেএমবি’র নেতা

বন্দুকযুদ্ধবগুড়ার কাহালুর পাতাঞ্জ গ্রামে সোমবার গভীর রাতে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তার নাম আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে রবিন ওরফে সামিউল (৩২)। সে নব্য জেএমবির পাবনা, কুষ্টিয়া, নাটোর ও সিরাজগঞ্জ জেলার প্রধান সমন্বয়ক বলে পুলিশ নিশ্চিত করেছে। তার বাড়ি পাবনার সদর উপজেলায়।

মঙ্গলবার দুপুরে বগুড়া পুলিশের সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সনাতন চক্রবর্তী জানান, ছবি দেখে নিশ্চিত হওয়া গেছে যে, নিহত ব্যক্তি নব্য জেএমবির উত্তরাঞ্চলের চার জেলার প্রধান সমন্বয়ক এবং গুলশানে হলি আর্টিজান বেকারিতে হামলা মামলায় গ্রেফতার রাজীব গান্ধীর ঘনিষ্ঠ সহযোগী আবু মুসা ওরফে আবুজার ওরফে আবু তালহা ওরফে রবিন ওরফে সামিউল। সে গত বছরের ২০ মে সকাল ১০টায় কুষ্টিয়া সদরের মজুমপুর এলাকায় হোমিওপ্যাথি ডাক্তার ছানাউল্যাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় সরাসরি জড়িত। গত বছরের ৫ জুন নাটোরের বনপাড়া বাজারে তার উপস্থিততে অন্য সহযোগীরা মুদি দোকানি সুনীল গোমেজকে (৬৮) চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে।

অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, সিরাজগঞ্জ জেলায় জঙ্গি সংগ্রহ, আত্মঘাতি হামলার প্রশিক্ষণ, জিহাদি বই বিতরণ, চাঁদা সংগ্রহ এবং হিজরতের জন্য সঙ্গীদের প্রস্তুত করাসহ বিভিন্ন জঙ্গি তৎপরতায় প্রশিক্ষণ কাজে লিপ্ত জঙ্গি সদস্যরা গ্রেফতার হলে তারা আদালতে যে জবানবন্দি দেয় তাতে নিহত আবু মুসার নাম আসে। গত বছরের ৫ সেপ্টেম্বর সিরাজগঞ্জে কাজিপুর থানায় সন্ত্রাস বিরোধী মামলায় (নং-১) আটক তিন জঙ্গি আদালতে জবানবন্দিতে তার (মুসা) নাম প্রকাশ করে। পুলিশের বিভিন্ন ইউনিট তাকে গ্রেফতারে ব্যাপক তৎপর হলেও সে এতদিন ধরাছোঁয়ার বাইরে ছিল।

প্রসঙ্গত, সোমবার রাত পৌনে ৩টার দিকে উপজেলার পাতাঞ্জ গ্রামে সড়কের পাশে একদল সন্ত্রাসী অপরাধের প্রস্তুতি নিচ্ছিল। তারা টহল পুলিশের ভ্যান দেখে গুলিবর্ষণ শুরু করে। এ সময় পুলিশ পাল্টা গুলিবর্ষণ করতে থাকে। হামলাকারীরা পালিয়ে গেলে সেখানে গুলিবিদ্ধ অবস্থায় অজ্ঞাত পরিচয় এক ব্যক্তিকে পাওয়া যায়। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনাস্থলে একটি বিদেশি পিস্তল, ৩ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন ও তিনটি ধারালো অস্ত্র পাওয়া গেছে।

/বিটি/

এ সংক্রান্ত আগের খবর:
বগুড়ায় পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১