রাজশাহীতে একুশের প্রথম প্রহরে মুক্তিযুদ্ধের চেতনায় অসাম্প্রদায়িক দেশ গড়ার শপথ নিয়েছেন সর্বস্তরের মানুষ। রাত ১২টা ১ মিনিটে মহানগরীর ভুবনমোহন পার্ক শহীদ মিনারে এ শপথ বাক্য পাঠ করান রাজশাহী-২ (সদর) আসনের সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা।
শপথ বাক্য পড়ানোর আগে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করেন এমপি ফজলে হোসেন। এমপির পর শ্রদ্ধা জানান রাজশাহী জেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার। এরপর একে একে শ্রদ্ধা নিবেদন করেন সংরক্ষিত নারী আসনের এমপি আক্তার জাহান, ভাষা সৈনিক সাঈদ আহমেদের পরিবার, জেলা আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা যুবলীগ, যুব মৈত্রী, ছাত্র মৈত্রী, নাগরিক সংহতি, ন্যাপ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, রাজশাহী ব্যবসায়ী সমন্বয় পরিষদ, আদিবাসী ছাত্র পরিষদ, রাজশাহী সাংবাদিক ইউনিয়ন, রাজশাহী প্রেসক্লাব, রাজশাহী মেট্রোপলিটন প্রেসক্লাব ও কমিউনিস্ট পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ ফুল দিয়ে ভাষা আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
রাজশাহী কলেজ শহীদ মিনারে রাতে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা মিজানুর রহমান মিনুর নেতৃত্বে রাজশাহী মহানগর বিএনপির নেতাকর্মীরা পুস্পার্ঘ অর্পণ করেন। রাত ১২টা ২০ মিনিটের দিকে শহীদ মিনারে রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের নেতৃত্বে আরও কিছু নেতাকর্মী শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।
/এসটি/