জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে একাংশের ক্ষোভ, কার্যালয় ভাঙচুর

Joypurhat Pic 01১১১

কেন্দ্র ঘোষিত জয়পুরহাট জেলা বিএনপির নতুন কমিটি নিয়ে বৃহস্পতিবার সকালে দলের একাংশের নেতাকর্মীরা একটি ঝটিকা মিছিল বের করে। পরে তারা জেলা কার্যালয়ের তালা ভেঙে আসবাবপত্র ভাঙচুর করে ও আগুন ধরিয়ে দেয়।

এ সময় ক্ষুব্ধ নেতাকর্মীরা নবগঠিত কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশের বিরুদ্ধে স্লোগান দিয়ে তার পদত্যাগ দাবি করেন। আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এসে আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় দলের অপরাংশের নেতাকর্মীদের মধ্যে উত্তেজন বিরাজ করছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, জেলা বিএনপির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম ও জেলা তাতী দলের আহ্বায়ক দেলোয়ার হোসেনের নেতৃত্বে দলটির একাংশের ২০-২৫ জন নেতাকর্মী বৃহস্পতিবার সকালে ঝটিকা মিছিল বের করে। মিছিলটি জয়পুরহাট শহরের প্রধান সড়কের থানা এলাকা থেকে বের হয়ে রেলঘুমটি এলাকার বিএনপির জেলা কার্যালয়ের সামনে আসে। এ সময় তারা বিএনপির নব গঠিত জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট পলাশের কুশপুত্তলিকা দাহ করে এবং বিভিন্ন স্লোগান দেয়। পরে জেলা বিএনপির সাবেক সহ-সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম মিন্টু সংক্ষিপ্ত বক্তব্য রেখে বিক্ষোভকারীদের নিয়ে দ্রুত চলে যান ।

Joypurhat Pic-02২২২

এ দিকে বিএনপি অফিসে অগ্নিকাণ্ডের খবর পেয়ে দ্রুত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে আনে।

জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সেলিম রেজা ডিউক সাংবাদিকদের বলেন, সাবেক সাংসদ গোলাম মোস্তফা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হতে চেয়েছিলেন। কিন্তু কেন্দ্র তাকে মনোনীত না করে অ্যাডভোকেট নাফিজুর রহমান পলাশকে সাধারণ সম্পাদক মনোনীত করে কমিটি ঘোষণা করে। এই ক্ষোভে মোস্তফা তার অনুসারী কয়েক চিহ্নিত নেতাকর্মীকে দিয়ে জেলা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে।

জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মোজাহার আলী প্রধান বলেন, দলের সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার গোলাম মোস্তফার ইন্ধনে, রফিকুল ইসলাম মিন্টু, দেলোয়ার হোসেন ও মোস্তফার ভায়রা ভাই শফিকুল ইসলাম দলীয় কার্যালয়ে আগুন দিয়ে শহীদ জিয়াউর রহমান ও তারেক রহমানের প্রতিকৃতি পুড়িয়ে দিয়েছে। দোষীদের বিরুদ্ধে সাংগঠনিকভাবে ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও তিনি মামলা করবেন বলে জানান।

/জেবি/

আরও পড়তে পারেন: গোপালগঞ্জে ছাত্র-অভিভাবকের পিটুনিতে শিক্ষক হাসপাতালে