রাজশাহীতে দুই জেএমবিসহ ৫৮ জন গ্রেফতার

গ্রেফতার

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানে জেএমবি’র তালিকাভুক্ত দুই সদস্য ও জামায়াত-শিবিরের তিনকর্মীসহ ৫৮ জনকে গ্রেফতার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছে রাজশাহী জেলা ও মহানগর পুলিশ দফতর।

পবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমাল কুমার চক্রবর্তী বলেন, সোমবার (১৩ মার্চ) বেলা ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নওহাটা এলাকা থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গিসংগঠন জামায়াতল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)’র ১৩০ নম্বর তালিকাভুক্ত সদস্য আবু জাফরকে (৩১)গ্রেফতার করা হয়েছে। সে পবা উপজেলার দির্ঘী পারিলার এলাকার আবু বক্করের ছেলে। তাকে জিজ্ঞাসাবাদের পর মঙ্গলবার সকালে আদালতে হাজির করা হবে।

ওসি পরিমাল কুমার চক্রবর্তী জানান, জেএমবির সক্রিয় সদস্য আবু জাফর ২০০৫ সালে রাষ্ট্রদ্রোহী মামলার আসামি ছিল। তিনি ২০০৪ সালে জেএমবির শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলাভাইয়ের হাত ধরে জঙ্গি সংগঠনে যোগ দিয়েছিলেন। তিনি পবা, বাগমারা এলাকার সাধারণ মানুষকে ধরে নিয়ে গিয়ে হত্যা ও গুমসহ নির্যাতন চালাতে এবং বাংলাভাইকে সহযোগিতা করতেন। সে সময় তার বিরুদ্ধে বাগমারা থানায় ও রাজশাহী আদালতে হত্যা, গুম ও নির্যাতনসহ নাশকতার অভিযোগে একাধিক মামলা হয়েছিল।

অন্যদিকে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহমেদ জানান, সোমবার ভোরে বাগমারার ঝিকড়া ইউনিয়নের কুদপাড়া এলাকার নিজ বাড়ি থেকে খায়ের আলীকে (৪০)গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত খায়ের ঝিকড়া ইউনিয়নের কুদপাড়া এলাকার মৃত দুবাই আলীর ছেলে। জেএমবি সদস্যের তালিকায় তার নাম ৬৫ নম্বরে রয়েছে। ২০১৪ সালে সে জেএমবিতে যোগ দেন। তার বিরুদ্ধে থানায় একাধিক মামলা আছে। তাকে আগের মামলায় গ্রেফতার দেখিয়ে সোমবার (১৩ মার্চ) আদালতে পাঠানো হয়েছে।

ওসি নাসিম আহমেদ আরও জানান, খয়ের উদ্দিন এক সময় জেএমবির মৃত্যুদণ্ডপ্রাপ্ত শীর্ষ নেতা সিদ্দিকুল ইসলাম ওরফে বাংলা ভাইয়ের সঙ্গে বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ডে অংশ নিয়েছিলেন। বাংলা ভাইয়ের পতনের পর তিনি আত্মগোপনে ছিলেন। তবে তিনি ভেতরে ভেতরে জঙ্গি তৎপরতা চালানোর চেষ্টা করতেন।

রাজশাহী জেলা পুলিশের ডিআইও(১) আকমল হোসেন জানান, দুই জেএমবি ছাড়াও জেলার নয়টি থানায় বিভিন্ন অপরাধে ১১ জনকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (সদর) ইফতেখায়ের আলম জানান, রাজশাহী মহানগরীতে জামায়াত-শিবিরের ৩ কর্মীসহ ৪৫ জনকে গ্রেফতার করে সোমবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। আরএমপির এই বিশেষ অভিযানে বেশকিছু পরিমাণ মাদকদ্রব্যও উদ্ধার করা হয়েছে।

তিনি জানান, নগরীর বোয়ালিয়া মডেল থানায় ২০ জন, রাজপাড়া থানায় ১৪ জন, মতিহার থানায় ৭ জন, শাহমখদুম থানায় ২ জন এবং মহানগর গোয়েন্দা পুলিশ ২ জনকে গ্রেফতার করে। তাদের মধ্যে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামি, ৩ জন মাদক ব্যবসায়ী, ২০ জন অন্য মামলার আসামি এবং ৩ জন জামায়াত-শিবিরের কর্মী। মতিহার থানা পুলিশ ইসমাইল হোসেন ও মো. রকি নামে দুই শিবির কর্মী এবং শাহমখদুম থানা পুলিশ আবদুর রহিম নামে এক জামায়াত কর্মীকে গ্রেফতার করে।

/জেবি/

আরও পড়তে পারেন: সুন্দরবন থেকে পিঠে স্যাটেলাইটসহ হারিয়ে যাওয়া কচ্ছপ সাতক্ষীরায় উদ্ধার