সাংবাদিক শিমুল হত্যাকাণ্ড: মেয়র মিরুর সহযোগী চারদিনের রিমান্ডে

আব্দুল হাকিম শিমুলসাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যা মামলার প্রধান আসামি সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর মেয়র হালিমুল হক মিরুর একান্ত সহযোগী দুলাল শেখের চারদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার দুপুরে শাহজাদপুর আমলী আদালতের বিচারক হাসিবুল হক এ রিমান্ড মঞ্জুর করেন।

সিরাজগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গত ৬ মার্চ দুলালকে গ্রেফতারের পর আদালতে তার সাতদিনের রিমান্ড আবেদন করেন এ মামলার তদন্তকারী কর্মকর্তা শাহজাদপুর থানার উপ-পরিদর্শক (তদন্ত) মুনিরুল ইসলাম। ওইদিন বিচারক তার রিমান্ড শুনানির জন্য আজ  বুধবার দিন নির্ধারণ করেন।

প্রসঙ্গত, শাহজাদপুর পৌরসভার একটি সংস্কার কাজ নিয়ে দ্বন্দ্বে জেরে পৌর মেয়র হালিমুল হক মিরুর দু’ভাই মিন্টু ও পিন্টু গত ২ ফেব্রুয়ারি ছাত্রলীগ নেতা বিজয় মাহামুদকে মেয়রের বাড়িতে আটকে রেখে তার হাত-পা ভেঙে দেয়। খবর পেয়ে বিজয়কে উদ্ধার করতে এলে স্থানীয় সরকারী দলীয় নেতাকর্মীর সঙ্গে তাদের সংঘর্ষ বাধে। এ সময় মেয়র মিরু তার লাইসেন্সকৃত শটগান দিয়ে বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ে।  মিন্টু আরেকটি অবৈধ শটগান দিয়ে গুলি ছোড়ে। এমনকি মিন্টুর পক্ষের আরও দু’একজন সন্ত্রাসীরাও অবৈধ অস্ত্র নিয়ে তখন মহরা দেয়। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে মেয়র মিরুর গুলিতে আহত হন সমকালের শাহজাদপুর প্রতিনিধি আব্দুল হাকিম শিমুল। পরদিন ৩ ফেব্রুয়ারি মারা যান তিনি। এ ঘটনায় শিমুলের স্ত্রী মিরু ও মিন্টুসহ ১৮ জনকে আসামি করে মামলা করেন। পুলিশ মিরু এবং তার দুই ভাই মিন্টু ও পিন্টুসহ ১৪ জনকে এরই মধ্যে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের মধ্যে বেশ ক’জনকে গ্রেফতার করা হয়েছে সংঘর্ষের সময় ভাইরাল হওয়া ভিডিও দেখে। এরই মধ্যে মিরু ও মিন্টুকে দু’দফায় পৃথক সাতদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছে। মিন্টুকে দ্বিতীয় দফা জিজ্ঞাসাবাদে এনে তার দেওয়া তথ্যের ভিত্তিতে মেয়রের বাড়ির পেছনের একটি ডোবা থেকে একটি দেশীয় পাইপগান উদ্ধার করাও হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা মুনিরুল ইসলামের দাবি মিন্টু সংঘর্ষের সময় এ পাইপগানটি থেকে গুলি ছোড়ে।

/বিএল/ 

আরও পড়ুন:
বিএনপি নেতা থেকে ‘পীর’

দিনাজপুরে ‘পীর’ হত্যা: জিজ্ঞাসাবাদের জন্য আরেক পীরসহ আটক ৩