বেসরকারি মেডিক্যাল কলেজের শিক্ষার্থী ও মডেল রাউধা আথিফের আত্মহত্যার তদন্ত করতে রাজশাহীতে এসেছেন মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা। সোমবার (৩ এপ্রিল) বিকালে উড়োজাহাজে চড়ে রাজশাহী শাহ মখদুম বিমানবন্দরে এসে পৌঁছান তারা।
দুই পুলিশ কর্মকর্তা হলেন সিনিয়র এএসপি মোহাম্মদ রিয়াজ ও সিনিয়র ইন্সপেক্টর আলী আহমেদ। বিমানবন্দরে এসে পৌঁছালে তাদের সঙ্গে দেখা করতে যান নগরীর শাহ মখদুম থানার অফিসার ইনচার্জ (ওসি) জিল্লুর রহমান ও মামলার তদন্তকারী কর্মকর্তা রাশেদুল হক।
বিষয়টি নিশ্চিত করে রাজশাহী মহানগর পুলিশের মুখপাত্র ও সিনিয়র সহকারী কমিশনার (এসি) ইফতেখায়ের আলম বলেন, “মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা সার্কিট হাউসে অবস্থান করলেও সোমবার কোথাও বের হননি। মঙ্গলবার (৪ এপ্রিল) রাউধার ব্যাপারে খোঁজ-খবর নেবেন তারা।”
রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আল আমিন হোসাইন বলেন, ‘রাউধার আত্মহত্যার বিষয়ে শাহ মখদুম থানায় দায়ের করা অপমৃত্যু মামলাটি রবিবার (২ এপ্রিল) নগর গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। সোমবার বিকালে মালদ্বীপের দুই পুলিশ কর্মকর্তা রাজশাহীতে এসেছেন। তারা রাউধার আত্মহত্যার বিষয়ে তদন্ত করতে চান। তবে আমাদের সঙ্গে এখনও আনুষ্ঠানিকভাবে কথা হয়নি তাদের। মামলাটির তদন্তভার দেওয়া হয়েছে মহানগর গোয়েন্দা পুলিশের পরিদর্শক রাশেদুল হককে।’
প্রসঙ্গত, ১৯৯৬ সালের ১৮ মে মালদ্বীপের মেয়ে রাউধা আথিফের জন্ম। গত ২৯ মার্চ দুপুরে রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের ছাত্রী হোস্টেলের ২০৯ নম্বর কক্ষ থেকে তার মৃতদেহ করা হয়। লাশ উদ্ধারের পর প্রাথমিকভাবে পুলিশ ধারণা করে, সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন রাউধা। তবে পুলিশ পৌঁছার আগেই সহপাঠীরা রাউধার ঝুলন্ত লাশ নামিয়ে ফেলে।
গত ৩০ মার্চ রাউধার লাশ দেখতে রাজশাহীতে আসেন মালদ্বীপের রাষ্ট্রদূত আয়েশাথ শান শাকির এবং তার মা-বাবাসহ পরিবারের সদস্যরা। ৩১ মার্চ মেডিক্যাল বোর্ড গঠনের মাধ্যমে তার ময়নাতদন্ত সম্পন্ন হয়। রাউধা আত্মহত্যা করেছে উল্লেখ করে বোর্ড শনিবার ময়নাতদন্ত প্রতিবেদন জমা দেন। ওইদিন দুপুরে রাজশাহীর হেতেম খাঁ কবরস্থানে এই তরুণীকে দাফন করা হয়।
রাউধা ছিলেন রাজশাহী ইসলামী ব্যাংক মেডিক্যাল কলেজ হাসপাতালের এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্রী। তিনি পড়ালেখার পাশাপাশি মডেলিং করতেন। গত বছরের অক্টোবরে বিখ্যাত ম্যাগাজিন ‘ভোগ’-এর ভারতীয় সংস্করণের একটি সংখ্যার প্রচ্ছদে আরও পাঁচ তরুণীর স্থান করে নেন তিনি।
/জেবি/জেএইচ/