হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, প্রবাসী মনিরুল ইসলামের দ্বিতীয় স্ত্রী সুরমা বিবি (২৫), ছোটভাই আমিরুল ইসলাম (৩৫) ও একই গ্রামের মেহের আলী আকন্দের ছেলে পিন্টু হোসেন (২৬)।
নিহত আব্দুল মালেকের মামা সাবেক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খযবর আলী মণ্ডল জানান, গত মঙ্গলবার দুপুরে একই গ্রামের আমিরুল ইসলাম মোবাইল ফোনে ভাগ্নে আব্দুল মালেককে তার বাড়িতে ডেকে নেয়। এরপর থেকে আব্দুল মালেক নিখোঁজ ও তার ব্যবহৃত মোবাইলফোনটি বন্ধ পাওয়া যায়।
মান্দা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, সন্দেহের সূত্র ধরে বৃহস্পতিবার রাতে আমিরুল ইসলামকে আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে বাড়ির ভেতরে পরিত্যক্ত একটি কুয়া থেকে আব্দুল মালেকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।
/এমও/